২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দেখাল ইরান

ইরান তাদের বানানো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 06:24 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা এক হাজার ৪০০ কিলোমিটার বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতেমি।

তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে ওয়াশিংটনের চোখ রাঙানিকে উড়িয়ে দিয়েই ইরান এ ক্ষেপণাস্ত্র দুটি দেখাল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ১৪০০ কিলোমিটার, এটিকে ডাকা হচ্ছে শহীদ কাসেম সোলেমানি। আর ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে ডাকা হচ্ছে শহীদ আবু মাহদি; এর পাল্লাও এক হাজার কিলোমিটারের উপরে,” টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় হাতেমি এমনটিই বলেছেন।

ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলেমানি ও ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস চলতি বছরের জানুয়ারিতে বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছিলেন।

“নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরোধ শক্তিকে আরও বাড়াবে,” ক্ষেপণাস্ত্র দুটির ছবি প্রকাশ করে এমনটাই বলেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দুই বছরের কম সময়ের মধ্যে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ১০০০ কিলোমিটার করতে সক্ষম হয়েছেন।

“ক্ষেপণাস্ত্র এবং বিশেষ করে ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই বছরেরও কম সময়ের মধ্যে আমরা যে এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩০০ থেকে ১০০০ কিলোমিটার করতে পেরেছি, এটা অসাধারণ অর্জন। আমাদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক,” বলেছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে ওয়াশিংটনের ব্যাপক তৎপরতার মধ্যেই তেহরান নতুন এ দুটি ক্ষেপণাস্ত্র দেখাল।

ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে করা পরমাণু চুক্তির বলে চলতি বছরের অক্টোবরেই ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। 

২০১৮ সালে ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই পরমাণু চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। যুক্তরাষ্ট্র পরে ইরানের উপর আগের সব নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেছে।

ওয়াশিংটন বলছে, পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার পাশাপাশি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সীমিত করা ও মধ্যপ্রাচ্যে তেহরানের ‘প্রক্সি ওয়ার’ বন্ধের প্রতিশ্রুতিসহ বিস্তৃত একটি চুক্তিতে রাজি হতে ইরানকে বাধ্য করাই তাদের লক্ষ্য।

অন্যদিকে তেহরান বলছে, যতক্ষণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকছে, ততক্ষণ তারা কোনো ধরনের আলোচনাতেই বসবে না।