মন্ত্রিসভার অনলাইন বৈঠকে সভাপতিত্ব সৌদি বাদশা সালমানের
গত মাসে হাসপাতাল থেকে ফেরার পর প্রথমবারের মতো মন্ত্রিসভার অনলাইন বৈঠকে সভাপতিত্ব করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুলআজিজ।
মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে টুইটারে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মাসে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ৮৪ বছর বয়সী বাদশার পিত্তথলি (গল ব্লাডার) অপসারণ করা হয়। ৩০ জুলাই হাসপাতাল থেকে থেকে ছাড়া পান তিনি।
এসপিএ জানিয়েছে, হাসপাতাল থেকে ফেরার পর প্রয়োজনীয় বিশ্রাম শেষে বুধবার বাদশা সালমান তাবুক প্রদেশের লোহিত সাগর তীরবর্তী এনইওএম (নিওম) ইকনোমিক জোন পরিদর্শনে যান।
একই দিন তিনি নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে টেলিফোনে তেলের বিশ্ববাজারে স্থিতিশীলতা ও ভারসাম্য ফিরিয়ে আনা নিয়ে আলোচনা করেন।
