২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের কূটনীতিককে তলব করে আমিরাতের প্রতিবাদ

ইসরায়েলের সঙ্গে চুক্তি নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কথার প্রতিবাদ জানাতে আবু ধাবিতে নিযুক্ত ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2020, 12:45 AM

Updated : 18 Aug 2022, 03:37 PM

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে গত বৃহস্পতিবার শান্তিচুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত।

এ চুক্তি করে আমিরাত ‘বিরাট ভুল’ করেছে বলে শনিবার মন্তব্য করেন রুহানি। এ চুক্তি উপসাগরীয় দেশগুলোর বিশ্বাসঘাতকতা বলেও বর্ণনা করেন তিনি।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ডব্লিউএএম’–এ রোববার এক বিবৃতিতে রুহানির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউএই’র পররাষ্ট্রমন্ত্রণালয়।

ইরানের প্রেসিডেন্টের বক্তব্য “মেনে নেওয়া যায় না, এমন কথা উস্কানিমূলক; আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় এর মারাত্মক প্রভাব পড়তে পারে” বলা হয়েছে বিবৃতিতে।

এরপরই আবু ধাবিতে ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে ‘কড়া ভাষায় প্রতিবাদের একটি মেমো’ ধরিয়ে দিয়েছে আমিরাত।

এ ব্যাপারে তেহরান থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতের বিবৃতিতে বলা হয়েছে, তারা রুহানির বক্তব্যকে ইউএই’র অভ্যন্তরীন বিষয়ে নাক গলানো বলেই গণ্য করছে।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রণালয় তেহরানে অবস্থিত ইউএই’র কূটনৈতিক স্থপনাকে সুরক্ষিত রাখার ব্যাপারে ইরানকে তাদের দায়িত্বের বিষয়টিও বিবৃতিতে স্মরণ করিয়ে দিয়েছে।

ইরানের গণমাধ্যম শনিবার ইউএই-ইসরায়েল চুক্তির প্রতিবাদে তেহরানে আমিরাতের দূতাবাসের সামনে ইরানিদের ছোটখাট একটি বিক্ষোভের খবর জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে চুক্তি করে আমিরাত বিরাট ভুল করেছে: ইরান  

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল-আমিরাত ‘ঐতিহাসিক’ চুক্তি