২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: প্রাথমিক তথ্য ‘ধামাচাপা দেওয়া হয়েছিল’

চীনের স্থানীয় কর্মকর্তারা করোনাভাইরাসের প্রথম দিককার সংক্রমণের মাত্রা ধামাচাপা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন শুরুর দিকে ভাইরাস আক্রান্তদের পরীক্ষায় জড়িত একজন চিকিৎসক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2020, 03:57 PM

Updated : 08 Apr 2022, 01:08 AM

অনেক তথ্যপ্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছিল এবং ‘ক্লিনিকাল ফাইন্ডিংসের’ প্রতিক্রিয়া ছিল ধীর, বলেছেন উহানে অনুসন্ধানকাজে সহযোগিতা করা অধ্যাপক কোক ইয়াং ইয়ুয়েন।

হংকংয়ের এ অণুজীববিজ্ঞানী, ফিজিশিয়ান ও সার্জন বিবিসির সঙ্গে কথোপকথনে এসব অভিযোগ করেছেন।

“আমরা যখন হুনান সুপারমার্কেটে যাই, তখন সেখানে দেখার মতো কিছু ছিলো না। ততক্ষণে বাজারটি পরিষ্কার করে ফেলা হয়েছে। আলামত নষ্ট করে ফেলা হয়েছে, এটাও বলতে পারেন আপনি। এ কারণেই ভাইরাস কোন উৎস থেকে মানবদেহে এসেছে সেটা আমরা চিহ্নিত করতে পারিনি।

“আমার সন্দেহ যে তারা উহানে স্থানীয়ভাবে কিছু জিনিস ধামাচাপা দিয়েছে। যে স্থানীয় কর্মকর্তাদের তথ্য সরবরাহের কথা ছিল সেটা খুব দ্রুত করতে তাদের অনুমতি দেওয়া হয়নি,” বলেছেন অধ্যাপক ইয়ুয়েন।

প্রাদুর্ভাব মোকাবেলায় চীনের প্রাথমিক প্রতিক্রিয়া এবং ডিসেম্বরের শেষদিকে চীনের এক চিকিৎসক নতুন ভাইরাসের ব্যাপারে সহকর্মীদের সতর্ক করায় স্থানীয় কর্তৃপক্ষের হাতে শাস্তি পেয়েছিল। এ ঘটনা নিয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ বেইজিংয়ের সমালোচনা করে আসছে।

করোনাভাইরাসের উৎস নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে কথার লড়াইও।

চীন অবশ্য শুরু থেকেই প্রাণঘাতী এ ভাইরাস ও এর প্রাদুর্ভাবের তীব্রতা নিয়ে ‘তথ্য গোপনের’ অভিযোগ অস্বীকার করে আসছে।