২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ৫ মাসের মধ্যে চীনে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত

প্রায় পাঁচ মাসের মধ্যে চীনে একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2020, 03:34 PM

Updated : 08 Apr 2022, 01:08 AM

রোববার দেশটির মূলভূখণ্ডে ৬১ জন রোগী শনাক্ত হয়েছে বলে সোমবার জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্চের শুরুর দিকের পর থেকে দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের ঘটনা আর নতুন এসব সংক্রমণের অধিকাংশ স্থানীয়ভাবে ঘটেছে।

এর আগে ৬ মার্চ দেশটিতে ৭৫ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছিল। তারপর থেকে শনিবার ৪৬ জন শনাক্তের একদিন পর রোগীর সংখ্যা আরও বাড়ল। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের মধ্যাঞ্চলীয় উহান শহরে বিশ্বের প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছিল। 

দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন ৬১ জনের মধ্যে ৫৭ জনের সংক্রমণ স্থানীয়ভাবে ঘটেছে।

এই ৫৭ জনের মধ্যে পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ৪১ জন ও উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ১৪ রোগী শনাক্ত হয়েছে। লিয়াওনিংয়ে টানা পঞ্চম দিনের মতো নতুন সংক্রমণের ঘটনা ঘটল।

উত্তরপূর্বাঞ্চলীয় আরেক প্রদেশ জিলিনে নতুন করে দুই জনের দেহে ভাইরাসটি অস্তিত্ব শনাক্ত হয়েছে। মে মাসের শেষ দিকের পর এই প্রথম প্রদেশটিতে কোভিড-১৯ রোগী শনাক্ত হল। তবে এদের মধ্যে লিয়াওনিং থেকে আসা লোকও রয়েছেন।

এদেরসহ রোববার পর্যন্ত চীনের মূলভূখণ্ডে মোট ৮৩ হাজার ৮৯১ জন নিশ্চিত করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা চার হাজার ৬৩৪ জনেই সীমাবদ্ধ রয়েছে।