থাইল্যান্ডে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
থাইল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সমাবেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে তরণরা। সরকারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ চলছে।
শুক্রবার সরকারি ভবনের সামনে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার ছবি পুড়িয়েছে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা। ওচার পদত্যাগ দাবি করেছে তারা।
এর আগে বৃহস্পতিবার রাতে শত শত তরুণ তাদের মোবাইল ফোন, ট্যাবলেটে লেখা বার্তা নিয়ে আলো জ্বেলে বিক্ষোভে নেমে সরকারের পদত্যাগ এবং পার্লামেন্ট বিলুপ্ত করার দাবি জানায়।
২০১৪ সালে থাইল্যান্ডে ক্ষমতার পট পরিবর্তনের পর সেখানে এটিই বড় ধরনের বিক্ষোভ। ওই বছর সামরিক অভ্যুত্থানের নায়ক ছিলেন যে জেনারেলরা তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার ওপর চাপ বাড়ছে এই বিক্ষোভে।
বিক্ষোভকারীদের কেউ কেউ বলেছেন, তারা থাইল্যান্ডে সত্যিকারের গণতন্ত্র চান। কেউবা আবার অর্থনীতি সামাল দিতে সরকারের ব্যর্থতার প্রতিবাদ করেছেন। কেউ বলেছেন, সংবিধান দেশের গণতন্ত্রের জন্য নির্ভরযোগ্য নয়। এ সংবিধানের কারণে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ক্ষমতায় থেকে যাচ্ছেন।
শুক্রবার গণতন্ত্রপন্থি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীসহ তার ডেপুটি ওংসুয়ানেরও প্রতিকৃতি পুড়িয়েছে। ‘আমরা থাইল্যান্ডের সব বাজে জিনিস পুড়িয়ে ফেলতে চাই,’ বলেন এক বিক্ষোভকারী।
প্রধানমন্ত্রী ওচার পদত্যাগের দাবিতে গত সপ্তাহেও থাইল্যান্ডের অন্তত ছয়টি প্রদেশে ছোটখাট বিক্ষোভ হয়েছে। যুব দলগুলো এ সপ্তাহ শেষে আরও বিক্ষোভের পরিকল্পনা করছে।
