২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে খুলছে সিনেমা হল

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ছয়মাস বন্ধ থাকার পর চীনে সিনেমা হলগুলো আবার খুলতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 04:20 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

চীনের ফিল্ম প্রশাসন বলছে, সংক্রমণ কম থাকা জায়গাগুলোতে সোমবার থেকে খোলা হবে সিনেমা হল।

সেই জানুয়ারি মাস থেকে চীনে সিনেমা হল বন্ধ থাকায় লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে। অনেকেই ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছে।

এখন সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলগুলো খোলা হচ্ছে। লোক বসবে মাত্র ৩০ শতাংশ সিটে। আগের তুলনায় অর্ধেক সিনেমা দেখানো হবে।

বিবিসি জানায়, যারা হলে যাবেন তাদের তাপমাত্রা মাপা হবে এবং মাস্ক পরা সবার জন্যই বাধ্যতামূলক। টিকিট কিনতে হবে অনলাইনে। দর্শকদেরকে এক মিটার দূরত্ব রেখে বসতে হবে। হলে নিষিদ্ধ থাকবে খাবার কিংবা পানীয়ও।

চীনের সাংহাই থেকে চেংডু পর্যন্ত অনেক শহরে এরই মধ্যে কিছু কিছু সিনেমা হল চালু হয়েছে। সোমবার একদিনে বিকালের মধ্যেই ৪৩৩৬৬২.৫২ ডলার মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে চীনের মাওইয়ান এন্টারটেইনমেন্ট।

মার্চ থেকে চীনে করোনাভাইরাস সংক্রমণ অনেকটা কমে আসায় দেশের বেশির ভাগ এলাকাই এখন কম ঝুঁকিপূর্ণ বলে গণ্য হচ্ছে।

যদিও গত কয়েকদিনে উরুমছির কিছু অঞ্চল এবং আরও পশ্চিমের শিনজিয়াং অঞ্চলে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ওই জায়গাগুলো মাঝারি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে।

ফলে অনেক জায়গায় সিনেমা হল খুললেও আরও অনেক শহরেই সিনেমা হল এখনও বন্ধ রয়েছে। রাজধানী বেইজিংয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের ওপর।

বেইজিংয়ে গত মাসে নতুন করে ভাইরাসের প্রকোপ বাড়ায় সেখানে থিয়েটারগুলো বন্ধ রাখা হয়েছে।