ফ্রান্সে স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়ল ৮শ’ কোটি ইউরো
ফ্রান্সে স্বাস্থ্যকর্মীদের দাবির মুখে শেষ পর্যন্ত মহামারীর এ সময়ে তাদের পেশাগত ঝুঁকি ও ভূমিকা বিবেচনায় বেতন ৮শ’ কোটি ইউরো বাড়াতে রাজি হয়েছে সরকার।
বিবিসি জানিয়েছে, প্রায় সাত সপ্তাহ ধরে বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে সরকারের দর কষাকষি চলছিল।
সোমবার এ বিষয়ে একটি চুক্তি হয়। চুক্তির আওতায় গড়ে স্বাস্থ্যকর্মীদের বেতন মাসে ১৮৩ ইউরো (১৬৬ পাউন্ড) বাড়বে।
বাড়তি বেতনের এই প্যাকেজের বেশিরভাগটাই নার্স, পরিচর্যা কর্মী এবং নন-মেডিকেল স্টাফরা পাবেন। আর ৪৫ কোটি ইউরো চিকিৎসকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
করোনাভাইরাস মহামারীর এ সময়ে স্বাস্থ্যকর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং সাহসী ভূমিকার জন্য ‘বীর’ খেতাব পেলেও সম্প্রতি তারা হাসপাতালের জন্য আরও তহবিল এবং বেতন বাড়ানোর দাবিতে সরব হয়েছিলেন।
ফ্রান্সে মোট ভাইরাস আক্রান্ত হয়েছে ২ লাখের বেশি মানুষ। মারা গেছে ৩০ হাজার জন।
এ পরিস্থিতিতেই সামনের সারিতে থেকে লড়াই করা মানুষেরদেরকে সর্বোপরি স্বীকৃতি জানাল সরকার।
বেতন বাড়ানো নিয়ে সরকারের সঙ্গে ট্রেড ইউনিয়নের চুক্তিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায় বলে প্রশংসা করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী।
