২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনমত জরিপে জো বাইডেনের চেয়ে পিছিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী তিন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষ দলের প্রার্থীর চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jun 2020, 11:03 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, ১৩ পয়েন্টের ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনাভাইরাস মহামারী এবং পুলিশি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া মার্কিনিরা ট্রাম্পের প্রতি ক্রমেই বিরূপ হয়ে উঠতে থাকায় তার সমর্থন কমছে।

১০ জুন থেকে ১৬ জুন পরিচালিত জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৪৮ শতাংশ বলেছেন, তারা নির্বাচনে বাইডেনকে সমর্থন দেবেন; আর ৩৫ শতাংশ বলেছেন, তারা ট্রাম্পকে সমর্থন করবেন।

রয়টার্স/ইপসোস জরিপ বলছে, এ বছর প্রার্থী বাছাইয়ে রাজ্য পর্যায়ে ডেমোক্র্যাটদের মনোনয়ন প্রতিযোগিতা শুরুর পর থেকে বাইডেনের এটাই প্রথম সবচেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকা।

এ মাসের শুরুর দিকে সিএনএন- এর একই ধরনের একটি জরিপেও দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন।

রয়টার্স/ইপসোস জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের ৫৭ শতাংশই ট্রাম্পের কাজ কে সমর্থন করেননি। মাত্র ৩৮ শতাংশ মানুষ এ সমর্থন দিয়েছে। গত বছর নভেম্বরের পরে এটাই ট্রাম্পের পক্ষে সমর্থনের সর্বনিম্ন রেটিং।

ট্রাম্পের জন্য স্পষ্টতই এ এক সতর্কবার্তা। জরিপের ফলে ট্রাম্পের সমর্থনের ভিত টলে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের সমর্থন মার্চ থেকে জুনের মধ্যে ১৩ পয়েন্ট কমেছে।