২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ‘নিয়ন্ত্রণে’ এনেছে বেইজিং

চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে দেখা দেওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন এক স্বাস্থ্য বিশেষজ্ঞ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jun 2020, 09:53 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

বেইজিংয়ে একদিন আগের তুলনায় ভাইরাস সংক্রমণ কিছুটা কমার পর চীনের ‘সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল’ এর প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ সানিউ একথা জানান।  

বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “বেইজিংয়ে মহামারী নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।”

বেইজিংয়ে গত ফেব্রুয়ারির পর ১১ জুনে আবার নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত শনাক্ত আক্রান্তের সংখ্যা ১৫৮ জনে দাঁড়িয়েছে।

সিনফাদি পাইকারি বাজার থেকে এ সংক্রমণ ছড়ায়। ১৩ জুনে বেইজিংয়ে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়ে। তবে এরপর সংক্রমণ কমে এসেছে। বুধবার শনাক্ত হয়েছে ২১ জন। এর আগের দিন যে সংখ্যা ছিল ৩১।

ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ এর প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ সানিউ বলছেন, আগামী দিনগুলোতেও যে নতুন সংক্রমণ ধরা পড়বে না তা নয়। তবে তা হয়ত ভাইরাস পরীক্ষার কারণেই ধরা পড়বে। নতুন করে সংক্রমণ ছড়াবে না। 

সংবাদ ব্রিফিংয়ে সতর্ক করে দিয়ে উ বলেন, “করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে বলা মানেই যে কাল-পরশুর মধ্যে সংক্রমণ শুন্যে নেমে আসবে তা নয়।”

“এই ধারা একটি সময় পর্যন্ত চলবে। তবে আক্রান্তের সংখ্যা কমবে। ঠিক যেরকমটি আমরা দেখেছিলাম (বেইজিংয়ে) জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে।”

বেইজিংয়ে করোনাভাইরাস নতুন করে ছড়িয়ে পড়া শুরু হতেই কর্তৃপক্ষ দ্রুত তা মোকাবেলায় ব্যবস্থা নিয়েছে। প্রথম রোগী শনাক্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই ভাইরাস সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধও।

উহানের মতো কঠোর লকডাউন বেইজিংয়ে দেওয়া না হলেও যুদ্ধকালীন তৎপরতায় ভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টা চলেছে। রাজধানীর স্কুল বন্ধ করে দিয়ে চলাফেরার ওপর বিধিনিষেধ বাড়ানো হয়েছে।

বেইজিং থেকে কিংবা বেইজিংগামী অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে; কর্তৃপক্ষ কিছু কিছু এলাকা অবরুদ্ধও করে দিয়েছে।

মঙ্গলবার কর্তৃপক্ষ শহরটিতে সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ মাত্রায় উত্তীর্ণ করার পর অসংখ্য দূরপাল্লার বাস, গাড়ি ও ট্যাক্সি সার্ভিসও বাতিল হয়।

রাজধানীর ২৭টি এলাকাকে ‘মধ্যম-ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবেও চিহ্নিত করা হয়; এসব এলাকায় প্রবেশের ক্ষেত্রে সবার নিবন্ধন ও শরীরের তাপমাত্রা মাপার নির্দেশ দেয়া হয়েছে।

পুরনো খবর:

করোনাভাইরাস: বেইজিংয়ে সংক্রমণ ঠেকাতে স্কুল বন্ধ
চীনে আবার ভ্রমণ নিষেধাজ্ঞা, বাড়ল ভাইরাস সতর্কতার মাত্রা