আটকের সময় আদিবাসী নেতাকে মারধর, কানাডাজুড়ে ক্ষোভ
তিন মাস আগে আদিবাসী এক নেতাকে আটকের সময় তাকে মারধরের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর কানাডায় পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ বাড়ছে।
আলবার্টার ফোর্ট ম্যাকমারিতে গত ১০ মার্চ রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) এক সদস্য আথাবাস্কা চিপেওয়ান ফার্স্ট নেশনের প্রধান অ্যালান অ্যাডামকে আটকের সময় তাকে মাটিতে ফেলে একের পর এক ঘুষি মারেন।
পুলিশের গাড়িতে থাকা ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়।
বৃহস্পতিবার রাতে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ রেকর্ডটি প্রকাশ করে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ভিডিওটি দেখে স্তম্ভিত হয়ে গেছেন জানিয়ে এ ঘটনার ‘শেষ দেখে ছাড়বেন’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে যে বর্ণবাদবিরোধী আন্দোলন চলছে তার সমর্থনে কানাডার বিভিন্ন শহরে হওয়া কর্মসূচিগুলোতে আদিবাসীদের উপর নিপীড়ন বন্ধের দাবি উঠেছে।
যুক্তরাষ্ট্রের মতো কানাডার আন্দোলনকারীরাও পুলিশ বাহিনীর সংস্কার চাইছেন।
শুক্রবার আরসিএমপি কমিশনার ব্রেন্ডা লুকি এক বিবৃতিতে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশের মধ্যেও ‘পদ্ধতিগত বর্ণবাদ’ আছে বলে স্বীকার করে নিয়েছেন।
বর্ণবাদের শিকার ও আদিবাসীদের সঙ্গে অনেক সময়ই ন্যায্য আচরণ করা হয়নি, বলেছেন তিনি।
বৃহস্পতিবার ভিডিও প্রকাশের আগে আলবার্টা আরসিএমপি জানিয়েছে, তারা আটকের সময় আদিবাসী নেতাকে মারধরের ঘটনাটি খতিয়ে দেখেছে। যে পুলিশ সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, তার কার্যক্রমকে ‘যুক্তিসঙ্গত’ বলেও অভিহিত করেছে তারা।
প্রায় ১২ মিনিট দীর্ঘ ওই ভিডিওর শুরুতে একটি ক্যাসিনোর কার পার্কিংয়ে থাকা অ্যাডামের লরির দিকে এক পুলিশ সদস্যকে এগিয়ে যেতে দেখা যায়।
লরিটির পেছনে থাকা পুলিশ কর্মকর্তার গাড়ির ড্যাশক্যামেই পুরো ঘটনাটি রেকর্ড হয়।
মেয়াদোত্তীর্ণ একটি লাইসেন্স প্লেট নিয়ে পুলিশ কর্মকর্তা অ্যাডাম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে কথা কাটাকাটি শুরু হয়।
“আরসিএমপির হয়রানিতে আমি ক্লান্ত হয়ে গেছি,” এক পর্যায়ে অ্যাডামকে এমনটাও বলতে শোনা যায়।
কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের ওই কর্মকর্তা অ্যাডামের স্ত্রীকে আটক করতে গেলে আথাবাস্কা চিপেওয়ান ফার্স্ট নেশনের প্রধান পুলিশ সদস্যকে ধাক্কা মারেন।
ঘটনাস্থলে আরও কয়েকজন পুলিশ সদস্য হাজির হওয়ার পর অ্যাডামকে আটক করতে গেলে তিনি ‘আমাকে স্পর্শ করো না’ বলে চিৎকার করে উঠেন। এ সময় পুলিশের এক সদস্য দৌড়ে এসে অ্যাডামকে মাটিতে ফেলে দেন এবং একের পর এক ঘুষি মারেন।
আদিবাসী এ নেতার বিরুদ্ধে পরে পুলিশের এক সদস্যকে মারধর ও গ্রেপ্তারে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।
কানাডার গণমাধ্যমে অ্যাডাম তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বলেছেন, “আমরা সংখ্যালঘু, কেউ আমাদের হয়ে কথা বলে না; এ কারণে যখনি আমাদের লোকেরা কোনো ভুল করে, তখনি আরসিএমপি সুযোগ পেয়ে যায়, তাদেরকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে দেখা যায়। যথেষ্ট হয়েছে, এটা বন্ধ হওয়ার উচিত।”
অ্যাডামের আইনজীবী ব্রায়ান বেরেশ তার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার চেয়েছেন।
অ্যাডামকে আগামী ২ জুলাই ফের আদালতে হাজিরা দিতে হবে।
“এই পেশায় আসার প্রথম দিন থেকেই আমি আদিবাসীদের উপর পুলিশের নির্যাতন দেখে আসছি,” ৪৪ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন বেরেশ।
