২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: অ্যান্টার্কটিকায় গবেষণা কমাচ্ছে নিউ জিল্যান্ড

অ্যান্টার্কটিকাকে করোনাভাইরাস মুক্ত রাখতে আসন্ন মৌসুমে সেখানে গবেষণা প্রকল্পের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ডের সরকারি গবেষণা সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 05:06 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

অ্যান্টার্কটিকা নিউজিল্যান্ড জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত তারা অ্যান্টার্কটিকায় মোট ৩৬টি গবেষণার পরিকল্পনা করলেও এখন ওই প্রকল্পগুলোর মধ্যে ২৩টিকেই বাদ দেয়া হচ্ছে।

কেবলমাত্র দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, জরুরি কার্যক্রম ও পরিকল্পিত রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কাজগুলোই চলবে, জানিয়েছে তারা।

কোভিড-১৯ থেকে অ্যান্টার্কটিকাকে মুক্ত রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

“কোভিড-১৯ পৃথিবীজুড়ে দাপট দেখাচ্ছে। কেবল একটি মহাদেশেই এখনও তার স্পর্শ পড়েনি; আমরা এখন ওই মহাদেশকে ভাইরাস মুক্ত রাখার উপরই নজর দিচ্ছি,” বলেছে অ্যান্টার্কটিকা নিউ জিল্যান্ড।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সারাহ উইলিয়ামসন জানান, হিমশীতল মহাদেশটিকে ভাইরাস মুক্ত রাখতে তারা সেখানে তাদের গবেষণা স্থাপনা স্কট বেইজে সীমিত ভ্রমণ ও কঠোর আইসোলেশন ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন।

গবেষণা কমানোর এ সিদ্ধান্ত ‘আশ্চর্যজনক কিছু নয়‘ বলে মন্তব্য করেছেন অ্যান্টার্কাটিকা নিউ জিল্যান্ডের এক পরিচালক।

“বিপুল সংখ্যক অসুস্থ মানুষের কারণে সেখানে যদি জরুরি অবস্থা দেখা দেয়, তাহলে তা মোকাবেলার সামর্থ্য কারও নেই,” সংবাদ মাধ্যম স্কুপকে এমনটাই বলেছেন সহযোগী অধ্যাপক রব ম্যাকয়। 

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের কারণে এপ্রিলের শুরুতে অস্ট্রেলিয়াও ২০২০-২১ মৌসুমে অ্যান্টার্কটিকায় তাদের কার্যক্রম কমানোর ঘোষণা দিয়েছিল।