ব্রাজিলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসন তাইশ।
বিশ্বে ব্রাজিল করোনাভাইরাসের হটস্পট হয়ে ওঠার এ সময়েই শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দিলেন।
করোনাভাইরাস সংকট মোকামেলা নিয়ে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে তাইশ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
এ নিয়ে ব্রাজিলে এক মাসের মধ্যে দুই স্বাস্থ্যমন্ত্রীকে সরে দাঁড়াতে হল।
গত ১৬ এপ্রিলে করোনাভাইরাস মোকাবেলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হন স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মেনদেতা। এরপরই দায়িত্ব নিয়েছিলেন নেলসন তাইশ।
জনগণকে ঘরে থাকাসহ সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়ে এবং করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারের বিরোধিতা করায় প্রেসিডেন্টের সঙ্গে মেনদেতার বিরোধ তুঙ্গে উঠেছিল।
এবার নেলসন তাইশও ম্যালেরিয়ার ওই ওষুধ ব্যবহারে আপত্তি জানিয়ে এবং ব্যবসা-বাণিজ্য চালু করার বিরোধিতা করে প্রেসিডেন্ট বোলসোনারোর বিরাগভাজন হন। শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন তিনি।
এ নিয়ে তাইশের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ব্রাজিলের কেবিনেটের সেনা সদস্যরা উপ-স্বাস্থ্যমন্ত্রীকে তাইশের স্থলাভিষিক্ত করার প্রস্তাব দিচ্ছেন, বলছেন সরকারি কর্মকর্তারা।
ব্রাজিলের প্রেসিডেন্ট শুরু থেকেই কোভিড-১৯ কে হালকা করে দেখছেন বলে অভিযোগ আছে। করোনাভাইরাস মোকাবেলায় অপ্রমাণিত চিকিৎসাপদ্ধতিকে উৎসাহিত করার জন্যও সমালোচিত হয়েছেন তিনি।
করোনাভাইরাস ঠেকাতে লকডাউন দেওয়া বিভিন্ন অঞ্চলের গভর্নরদের সঙ্গেও বোলসোনারো বিরোধে জড়িয়েছেন। লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যুক্তি দিয়ে আসছেন প্রেসিডেন্ট।
দেশটিতে গত মঙ্গলবারই করোনভাইরাসে মৃত্যুর সংখ্যা দৈনিক বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এ সপ্তাহে ব্রাজিল আক্রান্তের সংখ্যায় জার্মানি এবং ফ্রান্সকে ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের হিসাবে ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে এবং নতুন ৮৪৪ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৯৩৩ জনে।
