করোনাভাইরাস: দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড ব্রাজিলে
করোনভাইরাসে মৃত্যুর সংখ্যা দৈনিক বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড হয়েছে ব্রাজিলে, জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
মঙ্গলবার তারা ৮৮১টি নতুন মৃত্যু রেকর্ড করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে।
এর মাধ্যমে লাতিন আমেরিকার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে থাকা দেশটি কোভিড-১৯ এ তালিকাবদ্ধ হওয়া মৃত্যুর সংখ্যায় বিশ্বের ষষ্ঠ শীর্ষস্থানীয় দেশ হয়ে দাঁড়িয়েছে, জানিয়েছে বিবিসি।
তারপরও দেশটি করোনভাইরাস পরীক্ষার দিক থেকে পিছিয়ে থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
সাও পাওলো মেডিকেল স্কুলের ডমিঙ্গো আলভেস বলেছেন, “ব্রাজিলে শুধু হাসপাতালে আসা লোকজনেরই পরীক্ষা হয়। তাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসলে কী হচ্ছে তা জানা সত্যিই কঠিন। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাস্তব কোনো নীতি আমাদের নেই।”
সম্প্রতি এক সমীক্ষায় ব্রাজিলে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি পরিসংখ্যানের ১৫ গুণ বলে হিসাব করা হয়েছে। ডমিঙ্গো আলভেস এই সমীক্ষক দলের অন্যতম সদস্য।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ব্রাজিলে শনাক্ত হওয়া করেনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক লাখ ৭৮ হাজার ২১৪ জন।
মঙ্গলবার সেখানে নতুন করে আরও ৯ হাজার জনের করোনাভাইরাস ধরা পড়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তালিকায় নতুন এসব আক্রান্ত যুক্ত হওয়ায় জার্মানিকে পেছনে ঠেলে আক্রান্তের সংখ্যায় বিশ্বের সপ্তম শীর্ষস্থানীয় দেশ হয়েছে ব্রাজিল।
শুধু পশ্চিম গোলার্ধ বিবেচনায় নিলে যুক্তরাষ্ট্রের পরই আছে ব্রাজিল। আমেরিকা মহাদেশ এখন মহামারীর নতুন উপকেন্দ্র হয়ে উঠেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।
আসছে সপ্তাহগুলোতে দেশটিতে প্রাদুর্ভাবের গতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মহামারীর চাপে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এমন শঙ্কাও বিরাজ করছে।
