মহামারীর আবহে শিশু জন্মহারে শীর্ষে থাকবে ভারত
করোনাভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণার পর ৯ মাসে বিশ্বজুড়ে শিশুজন্মের দিক থেকে ভারত শীর্ষস্থানে থাকবে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুকল্যাণ সংস্থা ইউনিসেফ।
এ বছর মার্চ মাসে করোনাভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ওই সময় থেকে ডিসেম্বরের মধ্যে বিশ্বজুড়ে জন্ম নেবে ১১ কোটি ৬০ লাখ শিশু। এর মধ্যে ২ কোটির বেশি শিশুর জন্ম নিয়ে ভারত থাকবে শীর্ষে।
১০ মে আন্তর্জাতিক মাতৃদিবসের আগে দিয়ে ইউনিসেফ এক প্রতিবেদনে এ হিসাব জানাল।
ভারতের পরেই চীনের অবস্থান। মার্চ থেকে ডিসেম্বরে সেখানে ১ কোটি ৩৫ লাখ শিশু জন্ম নেবে। এরপর তৃতীয় স্থানে আছে নাইজেরিয়া। সেখানে জন্মাতে পারে ৬৪ লাখ শিশু। আর পাকিস্তানে একই সময়ে ৫০ লাখ এবং ইন্দোনেশিয়ায় ৪০ লাখ শিশুর জন্ম হতে পারে।
ইউনিসেফ ১১ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৪০ সপ্তাহ সময়ের মধ্যে শিশু জন্মের এই আনুমানিক হিসাব দিয়েছে বলে জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’ পত্রিকা।
তবে মহামারীর এ সময়ে মা ও নবজাতকের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোই এদিক থেকে বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক।
এসব দেশে নবজাতকের মৃত্যুহার এমনিতেই বেশি। তার উপর করোনাভাইরাস মহামারীর এ সময়ে তা আরও বেড়ে যেতে পারে এবং লকডাউনের কারণে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে বলে ইউনিসেফ আশঙ্কা প্রকাশ করেছে।
