মহামারীতে ‘ঘৃণার সুনামি’ নিয়ে সতর্ক করল জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাস মহামারী বিশ্বব্যাপী ঘৃণা, আতঙ্ক, বিদ্বেষের ‘সুনামি’ সৃষ্টি করেছে|
বিদেশি-বিরোধী মনোভাব, ইসলামবিদ্বেষ বাড়ছে, ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার ঘটছে, আতঙ্ক ছড়ানো, একে অপরকে দোষাদোষী, বিদ্বেষমূলক কথা বলে ঘৃণা ছড়ানো হচ্ছে।
এ ঘৃণা-বিদ্বেষের অবসান ঘটাতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস।
তিনি বলেন, অনলাইনে এবং রাস্তাঘাটে বিদেশি-বিরোধী মনোভাব বেড়েছে। কোভিড-১৯’কে কেন্দ্র করে মুসলিমদের আক্রমণ করা হচ্ছে।
কিছুদিন ধরেই করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একে অপরকে দোষাদোষী এবং কথার লড়াই চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, করোনাভাইরাসের উৎপত্তি ঘটেছে চীনে উহানের ল্যাব থেকে। যদিও এর কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র দেখাতে পারেনি।
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘মিথ্যা ছড়ানো’র অভিযোগ করেছে চীন। এ নিয়ে দু’দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনার আবহ।
এ পরিস্থিতিতেই জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঘৃণা-বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানালেন বলে জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’।
করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে জল্পনার মধ্যে তিনি বলেন, “বিভিন্ন দেশের অভিবাসী এবং শরণার্থীদেরকে ভাইরাসের উৎস হিসাবে চিহ্নিত করে তাদের হেয় করা হচ্ছে। তাদেরকে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করার মতো অমানবিক ঘটনাও ঘটছে।”
“সংবাদিক, হুইসেলব্লোয়ার, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মীদের সঙ্গে কেবল তাদের পেশাগত কারণেই বৈরি আচরণ করা হচ্ছে। করোনাভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন যে বয়স্করা তাদেরকে অবহেলার পাত্র করে রাখা হচ্ছে।”
বিশ্বের সব রাজনৈতিক নেতাদেরকে এই ঘৃণা মোকাবেলায় জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান গুতেরেস। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল লার্নিংয়ের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
তার কথায়, বিশ্বের অধিকাংশ মানুষ এখন অনলাইনে সময় ব্যয় করছে। আর উগ্রপন্থিরা এ সময় তাদেরকে শিকার বানানোর চেষ্টায় আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বর্ণবাদী, ঘৃণাত্মক ও অন্যান্য ক্ষতিকর কনটেন্টও সাইট থেকে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন গুতেরেস। সেইসঙ্গে সুশীল সমাজকে দুর্বলদের পাশে দাঁড়াতে বলেছেন তিনি।ধর্মীয় নেতাদেরকে আহ্বান জানিয়ে বলেছেন একের প্রতি অন্যের সম্মান প্রদর্শনের আদর্শ হয়ে উঠতে।
জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি প্রতিটি জায়গায় প্রত্যেককে ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে মর্যাদা দিন। মমতা, ভালবাসা ছড়িয়ে দিন।”
