২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্ক না পরেই মাস্কের কারখানা পরিদর্শনে ট্রাম্প

করোনাভাইরাসে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থা ভয়াবহ। এরই মধ্যে অসতর্কতার পরিচয় দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।পরিদর্শনে গেলেন মাস্ক তৈরির কারখানা। তাও আবার মাস্ক না পরেই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2020, 09:28 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

মঙ্গলবার অ্যারিজোনার ফিনিক্স শহরে এন-৯৫ মাস্ক তৈরির হানিওয়েল আন্তর্জাতিক কারখানা পরিদর্শনে যান ট্রাম্প। এ সময় প্রেসিডেন্ট সেফটি গগলস পরে থাকলেও মুখে ছিল না মাস্ক। কিন্তু করোনাভাইরাস রুখতে যে কেবল গগলসই যথেষ্ট নয় সেকথা বরাবরই বলে আসছেন স্বাস্থ্যবিদরা।

মজার ব্যাপার হল, ট্রাম্প পরিদর্শনে থাকাকালে কারখানার সব কর্মীর মুখেই মাস্ক ছিল। এমনকী কারখানার জায়গায় জায়গায় ‘মাস্ক ছাড়া এ এলাকায় প্রবেশ করা যাবে না’ লেখা নোটিশ বোর্ডও টাঙানো ছিল।

সেসবের কোনো তোয়াক্কাই করেননি ট্রাম্প ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। তার ওপর করোনাভাইরাস ঠেকাতে মার্কিনিরা যেখানে দূরে কোথাও ভ্রমণে যাচ্ছেন না, সেই সময় ওয়াশিংটনের বাইরে গিয়ে কারাখানা পরিদর্শন করে বিপদের আশঙ্কা আরো বাড়ালেন ট্রাম্প।

রয়টার্সের দেওয়া হিসাবমতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১২ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে অন্তত ৭০ হাজার মানুষ। সংক্রমণ ঠেকাতে ফেডারেল সরকার মার্কিনিদেরকে সেই এপ্রিলের শুরু থেকেই মাস্ক পরার নির্দেশনা দিয়ে আসছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক শীর্ষ নেতারই তা না মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও মাস্ক পরতে নারাজ। তবে কারখানা পরিদর্শনে রওনা হওয়ার সময় অবশ্য তিনি বলেছিলেন, সেখানে গিয়ে মাস্ক পরবেন। শেষ পর্যন্ত কেন তা করেননি সে বিষয়ে কিছু জানাননি সংশ্লিষ্টরা।

ট্রাম্প বরাবরই দেশের করোনাভাইরাস সংক্রমণ কাটিয়ে উঠতে সক্ষম হওয়ার একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টায় আছেন এবং লকডাউনের ফলে ধসের মুখে পড়া অর্থনীতিকে বাঁচাতে বিভিন্ন রাজ্যে আবার ব্যবসা-বাণিজ্য চালু করে দেওয়ার জন্য মুখিয়ে আছেন।

মৃতের সংখ্যা বাড়তে পারে এমন আশঙ্কা মেনে নিয়েই ফিনিক্সে ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই দেশজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করা বাঞ্ছনীয়। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপে বড় ধরনের ঝুঁকি আছে।