করোনাভাইরাস: রোবট, ক্যামেরা আর নজরদারিতে চীনের সাই-ফাই কোয়ারেন্টিন
রোবটরা নিয়ে আসছে খাবার, ক্যামেরার পাশাপাশি হেজমেট স্যুটের ভেতরে থাকা ভূতুড়ে চরিত্ররা তাকিয়ে আছে সদর দরজার দিকে- কোয়ারেন্টিন কার্যকরে চীনের এমন সব পদ্ধতি অনেকের কাছেই যেনো সাই-ফাইয়ের এক দুঃস্বপ্নময় কল্প জগত।
দেশের অর্থনীতিকে কয়েক মাস অচল করে রাখা প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে আনার পর কেউ যেন আইসোলেশনের নিয়ম অমান্য করতে না পারে, তা নিশ্চিতে চীন কর্তৃপক্ষ একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে।
নজরদারি জোরদারে তারা রোবট, ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারেও পিছপা হচ্ছে না বলে জানিয়েছে এনডিটিভি।
ভাইরাস মোকাবেলায় চীনের অগ্রগতিকে এখন মূলত চোখ রাঙাচ্ছে বিদেশ থেকে আগতরা; সে কারণেই বিদেশ থেকে আসা সবাইকে বাড়ি বা সুনির্দিষ্ট হোটেলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।
চলতি সপ্তাহ থেকে বেইজিংয়ের বাসিন্দাদের জন্য বিধিনিষেধ শিথিল হলেও বিদেশফেরত ও হুবেই থেকে আগতদের জন্য তা প্রযোজ্য হচ্ছে না। ডিসেম্বরের শেষে এ হুবেই প্রদেশের রাজধানী উহানেই প্রথম ভাইরাসটির উপস্থিতি মিলেছিল।
বেইজিংয়ের একটি কোয়ারেন্টিন হোটেলের প্রত্যেক তলায় একজন করে রক্ষীকে কক্ষগুলোর বাইরে কেউ আসছে, কিংবা কেউ ভেতরে যাচ্ছে কিনা তার উপর কড়া নজর রাখতে দেখা গেছে।
কক্ষগুলোর কাছে যেতে পারে এমনই এক অতিথির উপস্থিতি হোটেলটির একটি তলায় খানিকটা চাঞ্চল্য সৃষ্টি করে। তিন ফুট দৈর্ঘ্যের ওই অতিথি আসলে এক সিলিন্ডার আকৃতির রোবট। এলিভেটরে চড়ে নিজস্ব নেভিগেশন সিস্টেমের সাহায্যে হলওয়ের দূরত্ব অতিক্রম করে পানির বোতল, খাবার আর বিভিন্ন জিনিস কক্ষগুলোতে থাকা মানুষদের কাছে পৌঁছে দিয়ে আসে এ রোবট।
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর রোবটটি কক্ষের ভেতরে থাকা ল্যান্ডফোনের নাম্বারে ডায়াল করে, শিশুদের মতো কণ্ঠে বলে উঠে, “হ্যালো, আপনার সেবায় নিয়োজিত রোবট বলছি। আপনার অর্ডার আপনার কক্ষের বাইরে পৌঁছেছে।”
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি দরজা খুলে রোবটটির পেটের ভেতর থাকা জিনিসগুলো নেওয়ার পরপরই সেটি ঘুরে পরের কক্ষের দিকে অগ্রসর হয়।
কেবল রোবটই নয়, হেজমেট স্যুট পরা চিকিৎসকরাও প্রতিদিন ওই কক্ষগুলোর দ্বারে দ্বারে গিয়ে ভেতরে থাকা ব্যক্তিদের শরীরের তাপমাত্রা ও কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিচ্ছে কিনা, তার খোঁজখবর নিচ্ছেন।
কোয়ারেন্টিনে আসা প্রত্যেককে হোটেলে চেক-ইন করার সময়ই যে পারদের থার্মোমিটার দেওয়া হয়েছিল, তাতেই তাদের শরীরের প্রতিদিনকার তাপমাত্রা মাপা হয়।
হোটেল ছাড়া অন্যত্র কোয়ারেন্টিন বাড়িগুলোর সদর দরজায় লাগিয়ে দেওয়া হয়েছে সাইলেন্ট ইলেকট্রনিক অ্যালার্ম।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের প্রত্যেকের বাড়ির দরজায় কর্তৃপক্ষ টাঙিয়ে দিয়েছে নোটিস, যেখানে প্রতিবেশীদের ওই বাড়ির সদস্যদের উপর নজর রাখতে বলা হয়েছে।
বেইজিংয়ের এমনই একটি আবাসিক কম্পাউন্ডের ভেতর হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের প্রত্যেকবার বাসার দরজা খোলার পর কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জানাতেও হচ্ছে বলে সেখানকার কর্মকর্তারা একটি সংবাদমাধ্যকে জানিয়েছেন।
হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ফেরার পর প্রায় একই রকমের কোয়ারেন্টিনকাল চলছে জার্মান সাংবাদিক ফ্রেডেরিকা বুগির। তিনি যে ভবনে থাকছেন, সেখানকার কর্তৃপক্ষ তার চলাচলের উপর নজরদারি করতে দরজার সামনে ক্যামেরা লাগিয়ে রেখেছে।
“এ ধরনের কোনো কিছুতে অভ্যস্ত হওয়াটা বেশ ভীতিকর। বাইরে যেতে চাইলে ক্যামেরা ছাড়াও রক্ষী ও ভবনের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীরাও বাঁকা চোখে দেখবে বলে মনে হচ্ছে,” বলেছেন ফ্রেডেরিকা।
চীনে এটি তার দ্বিতীয় দফা কোয়ারেন্টিন। মার্চে থাইল্যান্ড থেকে ফেরার পরও তাকে এরকমই ১৪ দিন কাটাতে হয়েছিল।
প্রথম দফার অভিজ্ঞতা বলতে গিয়ে জার্মান এ সাংবাদিক জানান, “এমনকী ময়লা ফেলার জন্য নিচে যেতে হলেও আমাকে পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে ভবন কর্তৃপক্ষকে জানানো লাগত।”
চীনে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের অনেককেই এমন ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায়’ থাকতে হচ্ছে; একঘেঁয়েমি কাটাতে বাইরে হাঁটতে যাওয়া কিংবা মুদি দোকানে যাওয়ার কোনো সুযোগই মিলছে না।
ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র উহান থেকে বেইজিংয়ে ফেরার পর ২৫ বছর বয়সী গণমাধ্যম কর্মী জয় ঝংকেও তিন সপ্তাহ একটি হোটেলের চারদেয়ালে বন্দি ঘরের ভেতর কাটাতে হয়েছিল।
হোটেলটিতে বাইরে থেকে খাবার নিয়ে আসার অনুমতি না থাকলেও অতিথিদের মানসম্মত খাবারই দেওয়া হত।
বন্ধু ও আত্মীয়স্বজনরা কিছু আনলে দিয়ে যেতে হত ফ্রন্ট ডেস্কে; পরে হোটেলকর্মীরা সেসব জিনিস অতিথিদের কক্ষের বাইরে রেখে আসতেন।
“একজন মানুষকেও না দেখে টানা ২১ দিন কাটাতে হয়েছে। সেসময় মনে হত সময় যেন খুব আস্তে যাচ্ছে,” বলেছেন ঝং।
তবে দেশটিতে যাওয়া সবার কোয়ারেন্টিন অভিজ্ঞতা একরকম নয়; কারও কারও ক্ষেত্রে নজরদারি ছিল তুলনামূলক পলকা।
এমনই একজন শার্লত পুয়াও, মার্চের শেষদিকে চীনে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার আগমুহুর্তে দেশটিতে ঢোকা ফরাসি এ শিক্ষককে দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুর একটি হোস্টেলে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল।
প্রতিদিন তার দরজায় খাবার রেখে যাওয়া হত, চিকিৎসকরা দিনের মধ্যে কয়েকবার এসে শরীরের তাপমাত্রা মেপে যেতেন।
“কখনওই দরজায় তালা দিতেন না তারা, পুরো প্রক্রিয়াই চলেছিল আস্থার উপর ভিত্তি করে,” বলেছেন তিনি।
