করোনাভাইরাস ‘লড়াইয়ে জয়ী’ নিউজিল্যান্ড: জেসিন্ডা অ’ডুর্ন
নিউজিল্যান্ড কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকিয়ে কার্যকরভাবে এ ভাইরাস দূর করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।
নিউজিল্যান্ডে কয়েকদিন ধরে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা এক অঙ্কে রয়েছে। রোববার শনাক্ত হয়েছে মাত্র একজন।
এর পরিপ্রেক্ষিতে জেসিন্ডা অ’ডুর্ন বলেন, ‘এখনকার মতো’ ভাইরাস দূর করা গেছে।
“করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, কিন্তু শনাক্ত হয়নি এমন ব্যাপকমাত্রার কমিউনিটি সংক্রমণ নিউজেল্যান্ডে নেই। আমরা লড়াইয়ে জয়ী হয়েছি। কিন্তু পরিস্থিতিকে এমন রাখতে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে,” বলেন তিনি।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ডও বলেছেন, “ইদানিং নতুন আক্রান্তের সংখ্যা কমে আসায় আমরা ভাইরাস নিমূর্লের লক্ষ্য অর্জন করেছি বলে আস্থা বেড়েছে।”
দ্য গার্ডিয়ান জানায়, নিউজিল্যান্ডে সোমবার রাত থেকেই কঠোর লকডাউনের বিধিনিষেধ শিথিল হচ্ছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, “আমরা মহামারীর সবচেয়ে খারাপ পরিস্থিতিটি এড়াতে পেরেছি। কিন্তু ভাইরাসের বিরুদ্ধে লড়াই এখনো চালিয়ে যেতে হবে।”
দৈনিক সরকারি ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা অর্থনীতির চাকা চালু করছি। কিন্তু মানুষের সামাজিক জীবনযাত্রা সচল করছি না।”
সোমবার রাত ১২ টা থেকেই নিউজিল্যান্ডে তুলে নেওয়া হবে চার সপ্তাহের বেশি সময় ধরে বহাল থাকা চার-মাত্রার লকডাউন। দীর্ঘ এ সময়টিতে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য। মানুষও ছিল ঘরবন্দি।
লকডাউন উঠে গেলে স্বল্প পরিসরে আবার চালু হবে কিছু ব্যবসা বাণিজ্য। খুলবে স্কুল, কিছু মানুষ কাজে ফিরবে। ফলে মানুষে মানুষে যোগাযোগ কিছুটা বাড়বে।
সে অবস্থায় পরিস্থিতি কী দাঁড়াবে তা জানা নেই উল্লেখ করে জেসিন্ডা ভাইরাসের বিস্তার ঘটার নতুন ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছেন এবং বেশিরভাগ মানুষকেই ঘরে থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন।
নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ১৫০০ জন এবং মারা গেছে ১৯ জন।
