২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স: অচল অর্থনীতির কোপ অভিবাসী পরিবারে

ঘড়ির কাঁটার মতো দুই সপ্তাহ ঘুরলেই ৩০০ ডলার আসত; ইন্ডিয়ানাপলিসের অবৈধ অভিবাসী দিনমজুর স্বামী পাঠাতেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 12:20 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

পশ্চিম মেক্সিকান রাজ্য মিচোয়াকানের ছোট্ট শহর এপোরোর বাসিন্দা মারিয়া আলেহান্দ্রে ও তার পরিবারের ছয় সদস্যের এটাই ছিল উপার্জনের একমাত্র উত্স।

তবে আলেহান্দ্রের স্বামী শেষ বার অর্থ পাঠানোর পর চার সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে, আর অর্থ আসেনি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে তার স্বামীর কাজের সুযোগ একেবারে নিঃশেষ হয়ে যাওয়ায় আলেহান্দ্রে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই নারী।

নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন,  “অর্থনীতির পরিস্থিতি যদি আরও কঠিন হয়ে ওঠে। তাহলে, কীভাবে খেতে পাব জানি না।”

মহামারী ও তা মোকাবিলায় সরকারের নেওয়া ব্যবস্থার কারণে বিশ্বজুড়েই অর্থনীতির জীবনধারায় ছেদ পড়েছে।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যত্র লক্ষ লক্ষ শ্রমিকের কর্মঘণ্টা কমে যাচ্ছে বা পুরো কাজটাই হারাতে হচ্ছে। অনেকেই তাদের এই প্রবাস জীবনের আয়ের দিকে মুখ চেয়ে থাকা দেশে স্বজনদের কাছে কোনো অর্থ পাঠাতে পারছেন না।

বিশ্ব ব্যাংকের হিসেবে, অভিবাসীসহ অন্যরা ২০১৮ সালে বিশ্বজুড়ে ৬৮৯ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছে। এই অর্থ উন্নয়নশীল দেশগুলিতে দারিদ্র্য হ্রাসে সহায়তা করেছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গৃহস্থালি ব্যয়ের যোগান দিয়েছে এবং সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা উপশমে সহায়তা করেছে।

বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করছেন, মহামারী ঠেকাতে লকডাউনসহ সরকারি অপরাপর পদক্ষেপ এই বছর রেমিটেন্স প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করতে চলেছে, যার মন্দা পরিস্থিতি ইতিমধ্যে শুরু হয়েছে।

বিশ্ব ব্যাংক বলেছে, এবছর বিশ্বব্যাপী রেমিটেন্স প্রবাহ প্রায় ২০ শতাংশ কমতে পারে, যা সাম্প্রতিক ইতিহাসের সর্বোচ্চ ধস।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক রয় জার্মানো বলেন, রেমিটেন্স প্রবাহে বড় ধস দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। কেবল অর্থনৈতিক দুর্বলতাই নয়, এর ফলে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে। কিছু জায়গায় গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়তে পারে।

বিশ্বব্যাংকের হিসাবে,  ২০১৮ সালে ভারত ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম রেমিটেন্স গ্রহিতা দেশ ছিল মেক্সিকো, যার সিংহভাগটাই যুক্তরাষ্ট্র থেকে আসত ।

কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে অর্থনৈতিক মন্দার মধ্যে চাকরির নিরাপত্তা ও বেকার ভাতার অভাবে যুক্তরাষ্ট্রে অন্যান্য অভিবাসী জনগোষ্ঠীর মতো লাখ লাখ অবৈধ মেক্সিকানরাও বিশেষ ঝুঁকির মধ্যে পড়েছে।

প্রায় দুই দশক আগে স্বামী ও দুই বড় সন্তানকে নিয়ে কাজের সন্ধানে এপোরো ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ৪৯ বছর বয়সী আলেহান্দ্রে। তাদের পরিবার ফিনিক্সে বসতি গাড়ে। আলেহান্দ্রে একটি মোটেলে পরিচ্ছন্নতাকর্মী হিসাবে ও তার স্বামী নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

যুক্তরাষ্ট্রে থাকার সময় তাদের তিনটি সন্তান হয়। এর মধ্যে স্বজনদের জন্য এবং এপোরোতে ফিরলে মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি বাড়ি নির্মাণে তারা নিয়মিত অর্থ পাঠাতেন।

কিন্তু বাড়ি ফেরার সময়টা প্রত্যাশার অনেক আগেই চলে আসে। বিংশ শতকের শেষ দিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে চাকরি হারান আলেহান্দ্রে ও তার স্বামীকেও ধারাবাহিকভাবে কাজ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছিল। তাই তারা সন্তানদের নিয়ে এপোরোতে ফিরে এসে রেমিট্যান্সের অর্থে বানানো দোতলা বাড়িতে ওঠেন।

২০১৮ সালে আবারও সমৃদ্ধ মার্কিন অর্থনীতির প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে তার স্বামী ইন্ডিয়ানাপলিসে পড়ি জমান।

প্রতি দুই সপ্তাহে তার স্বামী ৩০০ ডলার পাঠাতেন। অথচ মেক্সিকোতে তিনি দিনে ২০ ডলার মজুরিতে কাজ করতেন। কিন্তু সুখের সেই দিন হঠাৎই শেষ হয়েছে।

সম্প্রতি এক দুপুরে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া তার মেয়ে ও ৪৭ বছর বয়সী দেবর পঞ্চেকে সঙ্গে নিয়ে স্বামীর কথা বলছিলেন আলেহান্দ্রে।

তিনি বলেন, তার স্বামী বলেছেন, সঙ্কট বাড়লে তিনি দেশে ফিরবেন।

আলেহান্দ্রের অসুস্থ শাশুড়ির যত্ন নেওয়ার জন্য তাদের স্বল্প যা সঞ্চয় ছিল তাও শেষ হয়ে গেছে। এখন কোথায় কিছু টাকা পাওয়া যায়, সেই চেষ্টায় আছেন তারা।

পঞ্চে বলেন, রেমিটেন্স না আসলে আর কোনো পথ নেই।

তাদের কণ্ঠের এই অনিশ্চয়তার সুর পুরো মেক্সিকোজুড়ে ধ্বনিত হচ্ছে।

উত্তর-পূর্ব মিকোয়াকেনের শহরের সিউদাদ হিদালগোতে দুই ছোট ছেলেকে নিয়ে থাকনে মার্থা সানচেজ।

তিনি বলেন, কেন্টাকির লুইভিলের একটি হোটেলের পরিচ্ছন্নতাকর্মীর চাকরি থেকে তার স্বামীকে গত মাসে বরখাস্ত করা হয়। এরপর তিনি আর কোনও কাজ খুঁজে পাননি এবং গত ছয় সপ্তাহে বাড়িতে টাকাও পাঠাননি।

সানচেজ বলেন,বাড়ি ভাড়া ও খাবার যোগাতে বাধ্য হয়ে তাকে হয়তো ঘরের জিনিসপত্র বিক্রি করতে হবে। প্রথমেই হয়তো বিক্রি করতে হবে তাদের গাড়িটি- ১৮ বছরের পুরনো ভক্সভাগেন গাড়িটা।