২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে দুই বিড়ালের কোভিড-১৯ পজিটিভ

প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে দুটি পোষা বিড়ালের দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 05:29 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

দেশটির নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পৃথক এলাকার এ দুটি বিড়াল মৃদু শ্বাসকষ্টে ভুগছে, তবে প্রাণী দুটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে বলে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোষা প্রাণী থেকে ভাইরাসটির মানুষের মাঝে ছড়ানোর কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো। বরং যে বাড়িতে বা যে এলাকায় তারা ছিল সেখানকার মানুষের মাধ্যমেই প্রাণী দুটি আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

দৈনিক করোনাভাইরাস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অফ অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, “প্রাণী, পোষাপ্রাণীও আক্রান্ত হতে পারে। তবে পোষাপ্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ নেই।” 

বিশ্বজুড়ে পোষাপ্রাণীদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খুব বেশি ঘটনা নেই। আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, পরীক্ষায় হংকংয়ের একটি বিড়ালের কোভিড-১৯ পজিটিভ হলেও কোনো লক্ষণ প্রকাশ পায়নি আর বেলজিয়ামের একটি বিড়াল অসুস্থ হওয়ার নয় দিন পর সুস্থ হয়েছিল।

নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় পাঁচটি বাঘ ও তিনটি সিংহের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছিল। তবে একটি বাঘের কোনো কাশির লক্ষণ প্রকাশ পায়নি বলে ভাষ্য চিড়িয়াখানার তত্ত্বাবধানে থাকা ওয়াইল্ডলাইফ কনসারভেইশন সোসাইটির (ডব্লিউসিএস)।

“আমাদের পশুগুলো একজন কর্মীর মধ্যমে সংক্রমিত হয়েছিল, ‍যিনি ভাইরাসটির বাহক ছিলেন অথবা যার লক্ষণ পরে প্রকাশ পেয়েছে,” বুধবার বলেছে ডব্লিউসিএস।

“আটটি পশুই ভালো আছে। তাদের আচরণ স্বাভাবিক, ভালোভাবেই খাওয়াদাওয়া করছে। তাদের কাশি অনেক কমে গেছে।” 

চিড়িয়াখানাটির কোনো চিতাবাঘ, চিতা, পুমা বা অন্যান্য প্রাণীর মধ্যে কোনো রোগ লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রে করোনভাইরাস প্রাদুর্ভাবের উপকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক সিটি। তাই ভাইরাসটির বিস্তার ঠেকাতে নগর কর্তৃপক্ষ বিশ্বের অন্যান্য অংশের মতোই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু মালিকদের তাদের পোষাপ্রাণী নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছে সিডিসি।

নতুন করোনাভাইরাসের এ পর্যন্ত বিশ্বে ২৬ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে এক লাখ ৮৪ হাজার ২৬৮ জনের। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪২ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭৮৫ জনের, জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

ধারণা করা হয়, কোনো প্রাণী থেকেই নতুন ওই ভাইরাস মানুষের শরীরে এসেছে। গত ডিসেম্বরের শেষে চীনে প্রথমবারের মত একজনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।