কোভিড-১৯: হার্ভার্ডকে দেওয়া সহায়তার অর্থ ফেরত চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাস সহায়তা তহবিল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া প্রায় ৯০ লাখ ডলার ফেরত চেয়েছেন।
অতিমাত্রায় ধনী এ বিশ্ববিদ্যালয় সহায়তা তহবিল থেকে অর্থ নেওয়ায় অসন্তোষও প্রকাশ করেছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সহায়তা তহবিল থেকে অর্থ পাওয়ার কথা জানালেও তা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বিবিসি।
এই সহায়তা মহামারীর কারণে সৃষ্ট হওয়া শিক্ষার্থীদের ‘জরুরি অর্থনৈতিক প্রয়োজন’ মেটাতে ব্যয় হবে, বলেছে তারা।
বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের বিভিন্ন অনুদান থেকে পাওয়া অর্থের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার।
মঙ্গলবার করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি চাই হার্ভার্ড ওই অর্থ ফিরিয়ে দিক। যদি তারা না দেয়, আমরা অন্য অনেক কিছু করতে পারবো না।
“তাদের এটা ফিরিয়ে দেয়া উচিত। আমার এটা পছন্দ হচ্ছে না। এই অর্থ শ্রমিকদের জন্য; তারা (হার্ভার্ড) কেবল বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠানই নয়, বিশ্বের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে অনেক অনেক ধনী। তাদের জন্য এই অর্থ নয়। তাদের এটা দিয়ে দেওয়া উচিত,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
পরে এক বিবৃতিতে হার্ভার্ড জানায়, তারা যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সহায়তা, ত্রাণ ও অর্থনৈতিক নিরাপত্তা (কেয়ারস) আইনের অধীনে করোনাভাইরাস তহবিল থেকে ৮৬ লাখ ডলার পেয়েছে।
গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরেই দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলারের এ কেয়ারস আইনটি কার্যকর হয়েছিল।
“জরুরি উচ্চশিক্ষা তহবিলের এ পুরো অর্থ কোভিড-১৯ মহামারীর কারণে যে শিক্ষার্থীরা আর্থিক সঙ্কটে পড়েছেন, সরাসরি তাদের সহায়তায় ব্যয় করতে হার্ভার্ড প্রতিশ্রুতিবদ্ধ,” টুইটারে বলেছে ম্যাসাচুসেটসের এ বিশ্ববিদ্যালয়।
মহামারীর মধ্যে শিক্ষার্থীদের ভ্রমণ, জীবনধারণের খরচ ও অনলাইনে পাঠদান নিশ্চিত করতে ইতোমধ্যে অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।
মহামারীর কারণে সংকটগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ পেমেন্ট প্রটেকশন প্রোগ্রাম থেকে হার্ভার্ড এ অর্থ নিয়েছে, ট্রাম্পের এমন ইঙ্গিতও খারিজ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
হার্ভার্ড বলছে, তাদের অর্থ এসেছে কেয়ারসের অধীনে থাকা ‘জরুরি উচ্চশিক্ষা তহবিল’ থেকে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ও কী পরিমাণ নিম্ন-আয়ের শিক্ষার্থী আছে, তা বিবেচনায় নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এ জরুরি উচ্চশিক্ষা তহবিল থেকে অর্থ দেওয়ার কথা বলা হয়েছে।
কেয়ারস আইনে যুক্তরাষ্ট্রের ৫ হাজার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য কেন্দ্রীয় সহায়তা হিসেবে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার রাখা আছে বলে জানিয়েছে বিবিসি।
