যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩০ হাজার ছাড়াল
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে দেওয়া জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে ছয় লাখ ৩৯ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে আর এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯৮৫ জনের।
শিখর পেরিয়ে গেছে, লকডাউন উঠবে: ট্রাম্প
বিবিসি জানায়, বুধবার হোয়াইট হাউসের দৈনিক করোনাভাইরাস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কোভিড-১৯ আক্রান্তের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘সর্বোচ্চ শিখর’ পার করেছে। চলতি মাসেই কিছু অঙ্গরাজ্য ফের সচল হতে পারে।
অঙ্গরাজ্যগুলোর গর্ভনরদের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। “আমরা আমাদের দেশকে ফেরত পেতে চাই,” বলেন ট্রাম্প।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনর ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে, দেশজুড়ে নতুন সংক্রমণের চূড়ান্ত ধাপটি আমরা পেরিয়েছি। আশা করা যায় সেটি ধরে রাখা যাবে এবং ধীরে ধীরে উন্নতি হবে।”
মৃতের সংখ্যা নিয়ে ট্রাম্পের বক্তব্য:
বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের অনুপাত এত বেশি কেন ? এ প্রশ্নে ট্রাম্প বলেন, অন্যান্য দেশ তাদের মৃত্যুর সংখ্যা নিয়ে ‘মিথ্যা বলছে’ । চীনের নাম উল্লেখ করে তিনি বলেন, “এইসব দেশের মৃতের সংখ্যা কি সত্যিই বিশ্বাসযোগ্য?”
উহানের বন্যপ্রাণী কেনাবেচার বাজার নয় বরং সেখানকার কোনো পরীক্ষাগার থেকেই প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আবির্ভাব হয়েছে, যাচাই না হওয়া এমন সব রিপোর্টও যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, “আমরা এ কথাটা বারবারই শুনছি। বিষয়টা আমরা খতিয়ে দেখব।”
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তথ্যানুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়ার কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৮৭১। আর বিকাল নাগাদই মৃত্যু হয় ৩০ হাজার ৮শ’র বেশি মানুষের। পর পর দু’দিন দেশটিতে রেকর্ড ২ হাজারের বেশি মৃত্যু হয়েছে।
নিউ ইয়র্ক পরিস্থিতি:
করোনাভাইরাস প্রাদুর্ভাবের উপকেন্দ্র হয়ে ওঠা নিউ ইয়র্কে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৮৩২ এবং মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৩ জন।
নিউ ইয়র্কের সবাইকে মুখ ঢেকে চলাচল করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। জনসমক্ষে যাওয়ার জন্য মুখে মাস্ক বা কাপড় দিয়ে ঢাকা এবং বাসে-ট্রেনে চলাচলের সময় মাস্ক পরা বা মুখ ঢেকে রাখতে বলা হচ্ছে।
লকডাউন তোলা নিয়ে যা বলেছেন ট্রাম্প:
১ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রে। ট্রাম্প তার আগেই লকডাউন তোলার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এত জলদি লকডাউন তুললে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে কি-না সে প্রশ্নে প্রেসিডেন্টের জবাব, ‘‘লকডাউনের মধ্যেও তো মৃত্যু থেমে নেই।’’
লকডাউন তোলার ব্যাপারে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, এ দিকটিও খেয়াল রাখতে হবে। অর্থনীতির হাল করুণ। এতে বহু মানুষই আত্মহত্যার পথ বেছে নিতে পারে। বহু মানুষ চাকরি খুইয়েছেন। বেকারত্বের হার রেকর্ড পরিমাণ বেড়েছে। ১৯৯২ সালের পর থেকে এখন খুচরো বিক্রি কমে গেছে ৮ দশমিক ৭ শতাংশ।
