২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে লকডাউন উপেক্ষা করে শ্রমিক বিক্ষোভ

ভারতে মুম্বাইয়ের বান্দ্রায় লকডাউন উপেক্ষা করে বিশাল বিক্ষোভে নেমেছে পরিযায়ী শ্রমিকরা। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 07:01 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার করোনাভাইরাস রুখতে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েকঘণ্টা পরই সামাজিক দূরত্বের বিধি উপেক্ষা করে মুম্বাইয়ের রাস্তায় নামে শত শত মানুষ। যারা মূলত ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক।

অভাবে, খিদের তাড়নায় বাড়ি ফেরার জন্য ব্রান্দ্রা স্টেশনের বাইরে জড়ো হয়েছিলেন এই শ্রমিকরা। আশা ছিল লকডাউন উঠতে পারে। চলতে পারে ট্রেন। কিন্তু তা না হওয়াতেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তারা।

তাদের দাবি, হয় সরকার তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করুক, নয়ত পেট ভরানোর ব্যবস্থা করুক। বিক্ষুব্ধ এই শ্রমিকদের হটাতে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েক জন আহত হন বলে জানিয়েছে আনন্দাবাজার পত্রিকা।

গতমাসেও সরকার আচমকা লকডাউন ঘোষণার পর বাড়ি ফেরার জন্য  দিল্লির একটি বাস টার্মিনালে দেখা গিয়েছিল হাজার হাজার পরিযায়ী শ্রমিকের ভিড়। সেই স্মৃতি ফিরিয়েই এবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হল মুম্বাই।

লকডাউনের কারণে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও শ্রমিকদের এই বিপুল সমাগমের কারণে করোনাভাইরাস সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র। আর সেখানেই এ ঘটনায় সংক্রমণ বেড়ে যেতে পারে কয়েকগুণ।

করোনাভাইরাসে প্রকোপ ঠেকাতে ভারত সরকার গত ২৪ মার্চ থেকে টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেও সংক্রমণ ঠেকাতে পারেনি। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মারা গেছে প্রায় ৩৫০ জন।