২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ইতালিতে মৃত্যু ২০ হাজার ছাড়াল

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে ইতালিতে মোট মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানাচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ পরিসংখ্যান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 01:57 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

সোমবার দেশটির কর্মকর্তারা নতুন আরও ৩ হাজার ১৫৩ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন।

এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

সুস্থ হয়ে ওঠা রোগী ও মৃতদের বাদ দিয়ে এখনো দেশটির এক লাখ ৩ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছে গার্ডিয়ান।

ইতালির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ সোমবার করোনাভাইরাসে নতুন ৫৬৬ জনের মৃত্যুর খবর দেয়। রোববারের তুলনায় এ সংখ্যা সামান্য বেশি, সেদিন ৪৩১ জনের মৃত্যু হয়েছিল।

সব মিলিয়ে ইউরোপের এ দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৪৬৫ জনে।

সোমবার দেশটিতে যত জনের মৃত্যু হয়েছে, তার অর্ধেকই লমবার্দি অঞ্চলের। করোনাভাইরাসে ইতালির উত্তরের এ অঞ্চলটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বজুড়ে প্রায় এক লাখ ২০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ১৯ লাখ পেরিয়ে ২০ লাখের দিকে ছুটছে।

কোভিড-১৯ এর আক্রমণে এশিয়ার চীন ও ইরানের পর গত মাসে ইউরোপের ইতালি ও স্পেন হয়ে উঠেছিল মৃত্যুপুরী। সাম্প্রতিক সময়ে দেশ দুটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ধীরে ধীরে নেমে আসছে। কমছে আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা।

পরিস্থিতি বিবেচনায় দেশদুটি লকডাউন জারি রেখেই কিছু বিধিনিষেধ শিথিল করেছে; খুলে দেয়া হয়েছে বেশকিছু কারখানাও।

করোনাভাইরাসে স্পেনে আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়; মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৫৬তে।

ফ্রান্সে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছুঁইছুই; দেশটিতে এক লাখ ৩৭ হাজারের বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ এ আক্রান্ত-মৃতের সংখ্যায় এখন যুক্তরাষ্ট্রের অবস্থানই সবার উপরে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটির ৫ লাখ ৮২ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে; মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ২৩ হাজার।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯০ হাজারের কাছাকাছি; মারা গেছেন ১১ হাজার ৩৪৭ জন।

ইউরোপের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে তুলনামূলক বেশি সফলতা দেখিয়েছে জার্মানি। সোমবার পর্যন্ত দেশটির এক লাখ ৩০ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হলেও, মৃত্যু হয়েছে মাত্র ৩ হাজার ১৯৪ জনের।