২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় সেরে ওঠা আরো রোগীর করোনাভাইরাস ‘পজিটিভ’

দক্ষিণ কোরিয়ায় কোভিড-১৯ থেকে সেরে ওঠা আরো রোগীকে পরীক্ষা করে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2020, 11:41 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

সোমবার দক্ষিণ কোরিয়া নতুন ২৫ জনের ফের করোনাভাইরাস পজিটিভ পাওয়ার কথা জানিয়েছে। 

এর আগে গত শুক্রবারই দেশটিতে ৯১ জন সেরে ওঠার পর আবার আক্রান্ত হয়েছিল। এ নিয়ে অন্তত ১১৬ জন প্রাথমিকভাবে রোগমুক্ত হওয়ার পর ফের আক্রান্ত হল।

দেশটিতে রোগ সংক্রমণ দূর করার চেষ্টার মধ্যে রোগীরা এভাবে পুনরায় আক্রান্ত হতে থাকায় উদ্বেগ বাড়ছে।

‘কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ (কেসিডিসি) এর পরিচালক জেয়ং ইউন-কেয়ং বলেছেন,রোগীরা সম্ভবত নতুন করে সংক্রমিত হননি বরং ভাইরাসটি আবার সক্রিয় হয়েছে। কেন এরকম হচ্ছে তা জানতে এখনো অনুসন্ধান চলছে।

অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার ভুলের কারণে এমনটি হয়ে থাকতে পারে কিংবা রোগী সুস্থ হওয়ার পরও ভাইরাসের ছিটেফোটা তার দেহে থেকে যেতে পারে। তবে সেটি আর সংক্রমিত হওয়ার ভয় থাকে না বা খোদ সেই রোগী এবং অন্যদের জন্য বিপজ্জনকও থাকে না।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় সামাজিক জনসমাগমে কড়াকড়ি করা হয়েছে এবং মানুষজনকে তা মানতেও বলা হয়েছে।তবে শিগগিরই এ সব কড়াকড়ি শিথিল করা হবে বলেও সরকারি নেতারা ইঙ্গিত দিয়েছেন।

তবে কড়াকড়ি শিথিল হলেও দেশ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগের অবস্থায় এখনই ফিরে যাবে না বলেও সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। কারণ,সামাজিক দূরত্ব আগেভাগেই শিথিল করা হলে তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।”

পুরনো খবর:

দক্ষিণ কোরিয়ায় সেরে ওঠা কোভিড-১৯ রোগী ফের আক্রান্ত