২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় ‘বজ্রপাতে বিরল প্রজাতির ৪ পাহাড়ি গরিলার মৃত্যু’

আফ্রিকার উগান্ডায় বজ্রপাতে বিরল প্রজাতির ৪ পাহাড়ি গরিলা মারা গেছে বলে জানিয়েছেন একদল সংরক্ষণবিদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2020, 05:03 PM

Updated : 08 Apr 2022, 12:19 AM

বিবিসি জানিয়েছে, মৃত গরিলাদের মধ্যে তিনটি নারী ও একটি অপ্রাপ্তবয়স্ক পুরুষ।

উগান্ডার এমগাহিঙ্গা ন্যাশনাল পার্কে পাওয়া এ মৃত গরিলাদের দেহে বড় বড় ক্ষত থাকায় সেগুলো বজ্রপাতের আঘাতে মারা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বণ্যপ্রাণীদের নিয়ে কাজ করা সংগঠন গ্রেটার ভিরুঙ্গা ট্রান্সবাউন্ডারি কোলাবরেশন (জিভিটিসি) এ ৪ গরিলার মৃত্যুকে ‘প্রজাতিটির জন্য বড় ধরনের ক্ষতি’ হিসেবে অভিহিত করেছেন।

পুরো বিশ্বে এখন বিরল এ পাহাড়ি প্রজাতির এক হাজারের কিছু বেশি গরিলা আছে। সেগুলোর চলাচলও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, রুয়ান্ডা ও উগান্ডার সংরক্ষিত অঞ্চলের ভেতর সীমাবদ্ধ।

এমগাহিঙ্গা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, যে চারটি গরিলার মৃত্যু হয়েছে, সেগুলো গত বছর রুয়ান্ডার সীমান্ত পেরিয়ে উগান্ডায় আসা ১৭ সদস্যবিশিষ্ট হিরওয়া পরিবারের।

উগান্ডা, রুয়ান্ডা ও ডিআর কঙ্গোর সীমান্তে থাকা ভিরুঙ্গা মাসিফ রেঞ্জের পাহাড়গুলোর মধ্যেই এ এমগাহিঙ্গা পার্কের অবস্থান।

“এটা খুবই দুঃখজনক। গরিলার সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তিন নারীর ব্যাপক সম্ভাবনা ছিল,” বলেছেন জিভিটিসির নির্বাহী সম্পাদক অ্যান্ড্রু সেগুয়া।

হিরওয়া পরিবারের বাকি ১৩ সদস্য জীবিত আছে এবং তাদের খাওয়াদাওয়া ঠিকঠাক চলছে বলেও জানিয়েছেন তিনি।

তিন সপ্তাহের মধ্যে মৃত গরিলাদের ময়নাতদন্ত শেষ হবে, তখন মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে, বলেছেন সেগুয়া।