দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দক্ষিণ আফ্রিকার আদালত দুর্নীতির মামলায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলে জুমা নির্ধারিত দিনে আদালতে হাজিরা না দেওয়ার পর আদালত মঙ্গলবার এ পরোয়ানা জারি করল।
দুর্নীতির মামলায় ৬ মে তে জুমার বিচার শুরু না হওয়া পর্যন্ত এ পরোয়ানা জারি থাকবে।
জুমার আইনজীবী আদালতের বিচারককে সামরিক হাসপাতাল থেকে জুমার অসুস্থতাজনিত একটি রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু বিচারক এর কার্যকারিতা এবং রিপোর্টটি আদৌ চিকিৎসকের লেখা কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন।
মঙ্গলবার দুর্নীতিসহ একাধিক অপরাধে অভিযুক্ত জুমার বিচার-পূর্ব শুনানির জন্য আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি তাতে উপস্থিত হতে পারেন নি বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এরপরই আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করল। তবে এ পরোয়ানা তখনই কার্যকর হবে যদি আদালতে এটি প্রমাণ হয় যে জুমা তার স্বাস্থ্য নিয়ে ভুয়া প্রমাণ হাজির করেছেন কিংবা ৬ মে তে যদি তিনি আদালতে হাজির না হন তাহলে।
২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা জুমার বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠার পর তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। নিজ দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-র ভেতরেই প্রচণ্ড চাপে পড়ে গত বছর ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন।
জুমার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন।ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন। বিশেষত,জুমার কারণেই ভারতীয় বংশোদ্ভূত ‘গুপ্ত পরিবার’ নামে একটি সুপরিচিত ব্যবসায়ী পরিবার রাজনীতিতে বেপরোয়া হস্তক্ষেপ করছে।
তাছাড়া,১৯৯০ এর দশকে ফ্রান্সের একটি প্রতিরক্ষা ফার্মের সঙ্গে ২শ’ কোটি ডলারের একটি অস্ত্র চুক্তি করা নিয়ে দুর্নীতির অভিযোগ আঝে তার বিরুদ্ধে।
