২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার রাজধানী অঞ্চলের কাছে দাবানলের বিস্তৃতি

অস্ট্রেলিয়ার রাজধানী অঞ্চলের (এসিটি) কাছে দাবানল আরও বিস্তৃত হয়ে ৩৫ হাজার হেক্টরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 08:04 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

দাবানলের কারণে শনিবার দেশটির কর্মকর্তারা এসিটির একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

রাজধানী ক্যানবেরার আশপাশের কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়ে আরও অপেক্ষা করলে ‘খুব দেরি হয়ে’ যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ, জানিয়েছে বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, এসিটি ও পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের নিকটবর্তী এলাকাগুলোতে ছয়টি দাবানল নিয়ন্ত্রণহীনভাবে জ্বলছে। উষ্ণতা ও বাতাসের প্রবাহ রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এতে আগুন আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ দাবানল কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের বাথটাব, বালতি ও সিঙ্কে পানি জমিয়ে রাখার পরামর্শ দিয়েছে, যেন আগুন এগিয়ে এলে তারা নেভানোর জন্য ও পরে পানের জন্য পানি পান। 

Image
এসিটি ও সংলগ্ন অঞ্চলের দাবানল কবলিত এলাকা। ছবি: এসিটি সরকার

এসিটি ও সংলগ্ন অঞ্চলের দাবানল কবলিত এলাকা। ছবি: এসিটি সরকার

এসিটির ইমার্জেন্সি সার্ভিসেস এজেন্সির কমিশনার জর্জিনা উইলেন বলেন, “দাবানল নিজেই একটি আবহাওয়া প্যাটার্ন সৃষ্টি করছে আর এর সঙ্গে বাতাস যুক্ত হয়ে আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং সরাসরি দাবানলের সামনে থাকা বাসিন্দাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে।”

বন্ধ করে দেওয়া এসিটির মোনারো মহাসড়কের বিভিন্ন ছবিতে দেখা গেছে, কাছে জ্বলতে থাকা আগুনের কারণে সড়কের ওপরের আকাশ উজ্জ্বল কমলা-লাল রঙ ধারণ করেছে।

এসিটি, সিডনি ও মেলবোর্নের মধ্যবর্তী একটি ছোট অঞ্চল। প্রায় চার লাখ বাসিন্দার এ অঞ্চলটিতে শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ২০০৩ সালের প্রাণঘাতী দাবানলের পর এই প্রথম অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হলো।  

ক্যানবেরার কাছে গত সপ্তাহ থেকে দাবানলের তীব্রতা বৃদ্ধি পায়। দাবানলের হুমকির কারণে গত বৃহস্পতিবার নগরীর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় ৬০টি এলাকায় দাবানল নিয়ন্ত্রণহীনভাবে জ্বলছে। এরমধ্যে পাঁচটি দাবনলের অবস্থান রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলে এসিটির নিকটবর্তী এলাকায়।      

অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অর্ধশতাধিক দাবানলে এ পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত ও কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে, আগুনে পুড়েছে এক কোটি ১০ লাখ হেক্টর ভূমি।

অস্ট্রেলিয়ায় দাবানল: ক্যানবেরায় জরুরি অবস্থা