২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনের মৃত্যু

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2019, 03:23 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

১৯৮২ সাল থেকে পাঁচ বছর এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এ রাজনীতিক ১০১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে শুক্রবার এনএইচকে জানিয়েছে।

সাবেক এ জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের গাঢ় বন্ধুত্ব ছিল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পশ্চিমাদের পরামর্শে নাকাসোনে জাপানে বিভিন্ন খাতে সংস্কার আনতে চাইলেও আমলাদের সঙ্গে তীব্র রেষারেষির কারণে অনেকগুলোই তিনি বাস্তবায়ন করতে পারেননি।

তার আমলে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত একটি রাষ্ট্রকে ওই সময়েই তিনি ফের বিশ্বমঞ্চে প্রভাবশালী হিসেবে হাজির করেছিলেন বলেও মন্তব্য অনেক বিশ্লেষকের।

নাকাসোনে ছিলেন জাপানের সাবেক সম্রাট হিরোহিতোর সময়ে দায়িত্ব পালন করা শেষ জীবিত প্রধানমন্ত্রী।

তার মৃত্যুতে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে গভীর শোক জানিয়েছেন।