নিউ জার্সির হাসপাতালে কিডনি দেওয়া হল ভুল রোগীকে
এক রোগীর কিডনি প্রতিস্থাপন করতে গিয়ে ভুল করে তা দেওয়া হল আরেক রোগীকে। দুই রোগীর নাম এবং বয়স এক হয়ে যাওয়াতেই ঘটেছে এ বিপত্তি। যুক্তরাষ্ট্রে নিউ জার্সির এক হাসপাতালে ঘটেছে এ ঘটনা।
কিডনি প্রতিস্থাপনের একদিন পর বিষয়টি বুঝতে পারেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এমন ঘটনা নজিরবিহীন।এরকম ভুল হওয়ার ঘটনা বিরল।
ক্যামডেন শহরের ভারচুয়া হেলথ কোম্পানির ওই হাসপাতালের কর্মকর্তারা বলছেন, কিডনি প্রতিস্থাপনের জন্য ওয়েটিং লিস্টে থাকা ৫১ বছর বয়সী এক রোগীকে অগ্রাধিকার ভিত্তিতে ১৮ নভেম্বরে নতুন কিডনি দেওয়া হয়। কিন্তু এর পরদিনই হাসপাতালের ক্লিনিক্যাল টিমের একজন বুঝতে পারেন যে, ওই কিডনিটি আসলে ওই রোগীকে নয় বরং আরেকজনকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা ছিল।
যে রোগীকে ওই কিডনিটি প্রতিস্থাপন করার কথা ছিল তিনি কিডনি পেয়েছেন ছয়দিন পর অর্থাৎ, ২৪ নভেম্বরে। তবে কিডনি প্রতিস্থাপনের পর দুই রোগীই ভাল আছেন বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
ভারচুয়া হেলথ কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রেগিনাল্ড ব্লাবার এক বিবৃতিতে বলেছেন, “রোগীরা যারা কার্যত আমাদের হাতে তাদের জীবন সঁপে দিয়েছেন,তাদের প্রতি আমাদের গুরুদায়িত্ব রয়েছে। দুই রোগীর নাম এবং বয়স এক হলেও তাদের অন্যান্য তথ্য যাচাই করে দেখা হলে হয়ত এমন ভুল এড়ানো যেত।”
