২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ, প্রেসিডেন্টের একাত্মতা

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ কয়েকটি নগরীতে লাখো মানুষ বিশেষত, নারীরা পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সড়কে নেমে আন্দোলন করেছে।এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2019, 09:35 PM

Updated : 08 Apr 2022, 05:05 PM

ফ্রান্সে এ বছর ১৩০ জনের বেশি নারীকে তাদের সঙ্গী কিংবা সাবেক সঙ্গী হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম অন্তত ১১৫ নারী এবছর এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে।

শনিবার বিক্ষোভের সময় নারীরা ‘নির্যাতনকারী, আপনাদের মধ্যেই তারা আছে, নারীরা এ কারণে সড়কে নেমেছে’ বলে স্লোগান দেয়।

বেশিরভাগেই হাতে এদিন ছিল বেগুনি রঙের প্লাকার্ড। সেখানে লেখা ছিল ‘আর কোনো হত্যা নয়’।নারী অধিকার সুরক্ষার প্রতীক বেগুনি রঙ।

বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

টুইটারে তিনি লেখেন, “যেসব নারী লিঙ্গ বৈষম্য এবং যৌন নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবার প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি।”

পুলিশ জানায়, প্যারিসে শনিবার প্রায় ৩৫ হাজার নারী বিক্ষোভ করেন।

তবে আয়োজকদের দাবি, প্যারিসে প্রায় এক লাখ এবং পুরো ফ্রান্সে প্রায় দেড় লাখ নারী এদিন বিক্ষোভে অংশ নিয়েছেন।

ফ্রান্স সরকার দেশটিতে এবছর পারিবারিক সহিংসতার শিকার হয়ে প্রাণ হারানো নারীদের একটি তালিকা প্রকাশের দুইদিন আগে এ বিক্ষোভ হল।

নারীদের সুরক্ষায় বেশকিছু নতুন ব্যবস্থা গ্রহণের ঘোষণাও সোমবার দিতে চলেছে ম্যাক্রোঁ সরকার।

ফ্রান্সের বিচার, স্বরাষ্ট্র এবং লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রণালয় থেকে এক যৌথ বিবৃতিতে ‘আমরা পারব এবং আমাদের আরো ভাল ব্যবস্থা গ্রহণ করা উচিত’ বলে জানানো হয়।

প্যারিসে আন্দোলনে নামা ২৮ বছরের এক নারী বলেন, “কর্মক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবন; আসলে সমাজের সব স্তরেই নারীদের প্রতি সহিংসতা অত্যধিক বেশি।

“জনসংখ্যার পুরুষ অংশকে অবশ্যই এ বিষয়ে সচেতন হওয়া উচিত। তাদের বোঝা উচিত জনসংখ্যার বাকি অর্ধেকের সঙ্গে তারা ঠিক কী আচরণ করছে।”