২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৪

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় একটি যাত্রীবাহী উড়োজাহাজ আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। প্রাদেশিক একজন আইনপ্রণেতা এবং এক উদ্ধারকর্মী একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 04:00 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

রোববার সকালে ১৬ জন যাত্রী ও দুইজন ক্রুসহ উড়োজাহাজটি পূর্বের গোমা নগরীর আবাসিক এলাকার উপর বিধ্বস্ত হয়। এতে বিমানের আরোহীরা ছাড়াও নিচের বাসিন্দারা হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদের মধ্যে একটি পরিবারের চার সদস্যও আছে।

নর্থ কিভু প্রদেশের পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট জেন পল লুম্বুলুম্বু বলেছেন, ধ্বংসস্তুপ থেকে ২৪ টি দেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, এক উদ্ধারকর্মী বলেছেন,২৬ টি দেহ পাওয়া গেছে।

নর্থ কিভু’র গভর্নর জানজু কাসিভিতার বরাত দিয়ে বিবিসি জানায়, উড়োজাহাজটি গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কিলোমিটার উত্তরে বেনি শহরে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটি রাডার থেকে নিখোঁজ হয়ে গিয়ে পরে নিচে নেমে এসে বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন, বিমানটি উড্ডয়নের পরপরই এর ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় নিচের বাড়িগুলোতে কত মানুষ ছিল সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফলে মাটিতে কয়জন হতাহত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

কঙ্গোতে প্রায়ই এমন উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। নিম্নমানের নিরাপত্তা এবং মেরামতি ব্যবস্থার কারণে কঙ্গোর বাণিজ্যিক অনেক উড়োজাহাজই ইউরোপের দেশগুলোতে নিষিদ্ধ।

এর আগে গত অক্টোবরে একই বিমানবন্দর থেকে একটি পণ্যবাহী উড়োজাহাজ উড্ডয়নের এক ঘণ্টা পরই বিধ্বস্ত হয়ে এর ৮ আরোহী নিহত হয়েছিল।