ইরাকে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯
ইরাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় অন্যান্য শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ জন নিহত হয়েছেন।
শনিবার রাতে দক্ষিণাঞ্চলীয় ইরাকি শহর নাসিরিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ সেতুর কাছে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর নিরাপত্তা বাহিনীর কাঁদুনে গ্যাস ক্যানিস্টার ও তাজা গুলি বর্ষণে নিহত হন তিন বিক্ষোভকারী।
পরে হাসপাতালে মাথায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসাকর্মীরা। আরো ৫০ জনের বেশি বিক্ষোভকারী আহত হওয়ার কথাও জানান তারা।
ওদিকে, বাগদাদের কেন্দ্রস্থলে আল-রশীদ স্ট্রিটের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয় আরো দুইজন।
তাছাড়া, রোববার বসরার কাছে উম কাসর উপসাগরীয় বন্দর এলাকায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে নিহত হয় আরো তিনজন। আহত হয় প্রায় ৯০ জন।
গত ১ অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। তারপর থেকে বাগদাদসহ কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষে তিন শতাধিক লোক নিহত হয়েছে।
২০০৩ সালে শাসক সাদ্দাম হোসেনের পতনের পর থেকে ইরাকে এটিই সরকারবিরোধী সবচেয়ে বড় প্রতিবাদ। প্রতিবাদ চলাকালে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি, কাঁদুনে গ্যাস ও স্টান গ্রেনেডের ব্যবহারে অস্থিরতার আগুন আরও তীব্র হয়ে উঠেছে।
এ পরিস্থিতি শান্ত করতে শুক্রবার ইরাকের শীর্ষ শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলি সিস্তানি দ্রুত নির্বাচনী আইন সংস্কারের ডাক দিয়েছেন। নির্বাচন কমিশন ও নির্বাচনী আইনের সংস্কারই দেশকে এ ঘোরতর সংকট থেকে বের করে আনতে পারে বলে মনে করেছেন তিনি।
