২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১০

তুরস্ক সীমান্তবর্তী সিরীয় শহর তাল আবিয়াদে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2019, 08:07 PM

Updated : 08 Apr 2022, 05:05 PM

গত মাসে তুরস্ক-সমর্থিত সিরীয় বিদ্রোহীদের দখল করে নেওয়া শহরটিতে শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরটির একটি প্রধান সড়কে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের ওপর দিয়ে ঘন ধোঁয়ার একটি কুণ্ডুলি উঠতে দেখা যায়।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে একই পরিবারের চার বেসামরিক সদস্য রয়েছেন। স্থানীয় বাসিন্দারা হামলার জন্য কুর্দি ওয়াইপিজি বাহিনী ও তুরস্কের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে-কে দায়ী করেছে বলে স্থানীয় পরিষদ জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার জন্য ওয়াইপিজি বাহিনীকে দায় দিয়েছে। হামলায় তিন জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে ভাষ্য মন্ত্রণালয়টির।

অপরদিকে ওয়াইপিজির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) হামলার জন্য ‘তুরস্ক-সমর্থিত ভাড়াটে সেনাদের’ দায়ী করেছে। 

টুইটারে এসডিএফের গণমাধ্যম দপ্তরের প্রধান মুস্তফা বালি বলেছেন, “অধিকাংশ কুর্দিকে তাড়ানোর পর, কুর্দি এলাকাগুলোর প্রায় সব দোকানপাট ও বাড়ি লুটে নেওয়ার পর তুরস্ক-সমর্থিত ভাড়াটে সেনারা বেসামরিক এলাকায় এলোপাতাড়ি বোমা হামলা চালিয়ে অবশিষ্ট কুর্দিদের বাস্তুচ্যুত করার উদ্যোগ নিয়েছে।”

কুর্দি নেতৃত্বাধীন বাহিনীগুলো বলেছে, তাদের যোদ্ধারা তুরস্কের বাহিনীর বিরুদ্ধে গেরিলা কায়দায় লড়াই চালিয়ে গেলেও বেসামরিকদের ওপর হামলা চালায় না।