অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চান ‘চীনা গুপ্তচর’
নিজেকে চীনা গুপ্তচর দাবি করা এক ব্যক্তি অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ওয়াং ‘উইলিয়াম’ লিকিয়াং হংকং, তাইওয়ান ও অস্ট্রেলিয়ায় চীনের গোয়েন্দাগিরির বিষয়ে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষকে তথ্য দিয়েছেন এবং নিজেও গুপ্তচরবৃত্তিতে ‘ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন’ বলে তাদের জানিয়েছেন, অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানিয়েছে বিবিসি।
স্ত্রী ও সন্তানসহ ওয়াং এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। দেশে ফিরলে তাকে ‘মেরে ফেলা হতে পারে’, তিনি এমন আশঙ্কা করছেন বলে খবরে প্রকাশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় ও অভিযোগের বিষয়গুলো নিশ্চিত করেনি অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। ওয়াংয়ের বিষয়টি এখন ‘যথাযথ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর হাতে আছে’ বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জস ফ্রাইডেনবার্গ। ওয়াংয়ের অভিযোগগুলোকে ‘বেশ বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির গণমাধ্যম এবিসিকে বলেছেন, “ওয়াংয়ের অভিযোগগুলো নিয়ে তদন্ত করার সময় গোয়েন্দা সংস্থাগুলোকে সত্যমিথ্যা নির্ণয় করতে হবে।”
শনিবার প্রথম অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোতে ওয়াংয়ের অভিযোগগুলো নিয়ে খবর হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) এর কাছে নিজের কাজের বিস্তারিত বিবরণের পাশাপাশি জ্যেষ্ঠ এক গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ করে তারা কীভাবে তাদের অভিযান পরিচালনা করতেন সে বিষয়ে ১৭ পাতার একটি বিবরণ পেশ করেছেন তিনি।
নিজের কাজ নিয়ে উদ্বেগ বাড়ার পর ওয়াং অস্ট্রেলিয়ায় যান। সেখানে তার স্ত্রী পড়াশোনা করছিলেন এবং তাদের সদ্যোজত ছেলেসহ বসবাস করছিলেন। ওয়াং বর্তমানে পর্যটন ভিসায় সিডনিতে অবস্থান করছেন এবং তার অবস্থানরত এলাকার নাম গোপন রাখা হয়েছে।
চীনে ফিরে গেলে বিপদে পড়তে পারেন এমন আশঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন তিনি।
“ফিরে গেলে আমি মারা পড়বো,” গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি।
