ব্রাজিলে মানবপাচারের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ব্রাজিলের ফেডারেল পুলিশ সাইফুল্লাহ আল-মামুন নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
সাইফুল্লাহ ও তার দলের বিরুদ্ধে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, এবং পাকিস্তান থেকে প্রথমে ব্রাজিলে এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারের অভিযোগ আছে।
সাইফুল্লাহ আল-মামুন ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানবপাচকারী’ বলেই ভাষ্য ব্রাজিল পুলিশের।
এবিসি নিউজ জানায়, ব্রাজিল পুলিশ এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গত বৃহস্পতিবার সাও পাওলোসহ ব্রাজিলের চারটি নগরীতে অভিযান চালিয়ে মানবপাচারকারী সন্দেহে সাইফুল্লাহসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
একই সঙ্গে ৪২টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, মানবপাচারের অবৈধ লেনদেন ওই একাউন্টগুলো থেকেই হত। যুক্তরাষ্ট্র থেকে সাইফুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তর থেকে বলা হয়, মানবপাচারকারীদের দলটি বিভিন্ন দেশে থেকে লোকজনকে পাচার করে সাও পাওলোর একটি বাড়িতে রাখত এবং সেখান থেকে তাদের পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাচার করত। “তাদের নেটওয়ার্ক অত্যন্ত বিস্তৃত।”
পুলিশ জানায়, সাইফুল্লাহ ছয় বছর আগে শরণার্থী হিসেবে ব্রাজিলে যান। তিনি ব্রাসে বসবাস করতেন। সারা বিশ্ব থেকে ব্রাজিলে যাওয়া হাজার হাজার শরণার্থী সাও পাওলো উপকণ্ঠে অবস্থিত ব্রাসে বসবাস করে।
সাও পাওলো থেকে উত্তরে যাওয়ার পথে পাচারের শিকার মানুষগুলোকে কখনো কখনো চরম নৃশংসতার শিকারও হতে হয়েছে।
পুলিশের তথ্যানুযায়ী, এরকম আট বাংলাদেশি মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে যাওয়ার সময় মেক্সিকোর একটি মাদকচক্রের হাতে পড়ে যায়। তাদের ভাগ্যে কী ঘটেছে তা কেউ জানে না।
পাচারকারীরা যুক্তরাষ্ট্র পৌঁছে দেওয়ার জন্য ১৮ হাজার মার্কিন ডলার নিত। তাদের পাচারের শিকার অনেক মানুষ এখন ব্রাজিলে অবৈধভাবে বসবাস করছে। জালিয়াতির মাধ্যমে তাদের নকল কাগজপত্র দেওয়া হয়েছে।
