নিশ্চিত হতে বাগদাদির অন্তর্বাস ‘চুরি’ করা হয়েছিল
কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) দাবি তাদের এক গোয়েন্দা আবু বকর আল-বাগদাদির অন্তর্বাস চুরি করেছিল। যেটা পরে ডিএনএ টেস্টের মাধ্যমে বাগদাদির পরিচয় নিশ্চিত হতে কাজে লেগেছে।
গত শনিবার সিরিয়ায় উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে যুক্তরাষ্ট্রের অভিযান চলাকালে তিন সন্তানসহ আত্মঘাতী হন বাগদাদি। পরদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আত্মগোপনে থাকা বাগদাদিকে খুঁজে বের করতে তাদের গোয়েন্দারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন এসডিএফ’র শীর্ষ উপদেষ্টা পোলাট কান। ‘যার ভিত্তিতে’ যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়েছে।
বাগদাদিকে ধরতে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার সময় ট্রাম্পও স্বীকার করেন, কুর্দিরা তথ্য দিয়ে মার্কিন বাহিনীকে ‘সাহায্য’ করেছে। তবে তিনি সঙ্গে এটাও বলেন, তথ্য দিলেও সেনা অভিযানে কুর্দিদের কোনো ভূমিকা ছিল না।
কুর্দি উপদেষ্টা কান বলেন, বাগদাদির অবস্থান খুঁজে বের করতে এসডিএফ গত ১৫ মে থেকে সিআইএ সঙ্গে কাজ করছে। উভয় পক্ষের যৌথ চেষ্টার ফল সিরিয়ার ইদলিব প্রদেশে বাগাদাদির গোপন আস্তানার সন্ধান পাওয়া।
‘বাগদাদি ইদলিব থেকে জারাবলুসে সরে যাওয়ার চেষ্টা করছে’ এ খবর এসডিএফ গোয়েন্দারাই পায় বলেও দাবি করেন কান।
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ মিত্রের ভূমিকা পালন করেছে এসডিএফ। মূলত কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ যোদ্ধারাই যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা নিয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্রহাতে লড়াই করেছে।
