বাগদাদির মৃত্যুর খবর পেয়েছে তেহরান: ইরানি কর্মকর্তা
ইরান মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষনেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর পেয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সিরিয়ার বিভিন্ন সূত্র এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তারা।
তেহরান যে আইএস নেতা বাগদাদির নিহত হওয়ার খবর পেয়েছে, দুই ইরানি কর্মকর্তা তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
“ঘটনাস্থল থেকে খবর পাওয়া সিরিয়ার কর্মকর্তাদের কাছ থেকে বাগদাদির মৃত্যুর বিষয়টি ইরান জানতে পেরেছে,” বলেছেন এক ইরানি কর্মকর্তা।
দেশটির আরেক কর্মকর্তাও এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন অভিযানে বাগদাদির নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই তেহরানের দিক থেকে এ বক্তব্য জানা গেল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রায় এক সপ্তাহ আগে অভিযানটির অনুমতি দিয়েছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
শনিবার মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ওপরে উড়ছে এরকম প্রতিবেদন পাওয়ার পর, অভিযানের বিষয়ে জ্ঞাত পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘটনার বিষয়ে অবহিত মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা নিউজউইককে জানিয়েছেন, অতি গোপনীয় ওই অভিযানের লক্ষ্যস্থল ছিলেন বাগদাদি।
সিরিয়ার ইসলামপন্থি বিদ্রোহীদের অধিকৃত শেষ প্রদেশ ইদলিবে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন তারা। সাম্প্রতিক বছরগুলোতে এই ইসলাপন্থি বিদ্রোহীদের সঙ্গে আইএসের সংঘর্ষ হয়েছিল।
অভিযানের ফলাফল সম্পর্কে অবগত মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা নিউজইউককে জানিয়েছেন, অভিযানে বাগদাদি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় হোয়াইট হাউসকে জানিয়েছে, অভিযানে যে শীর্ষ-পর্যায়ের লক্ষ্য নিহত হয়েছে সে বাগদাদি এ বিষয়ে তাদের ‘প্রবল বিশ্বাস’ আছে, কিন্তু ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার করে আরও যাচাই করার পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যাবে।
পেন্টাগনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী একটি কম্পাউন্ডে প্রবেশ করার পর সংক্ষিপ্ত বন্দুক লড়াই হয় আর এ সময় বাগদাদি আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে হত্যা করেন।
শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের 'এইমাত্র বিরাট কিছু একটা ঘটলো' টুইটের পর থেকেই আইএসের শীর্ষ নেতার মৃত্যুর খবর ডালপালা মেলতে থাকে।
ট্রাম্প কিংবা তার প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও হোয়াইট হাউস রোববার স্থানীয় সময় সকাল ৯টায় প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে যাচ্ছেন বলে জানিয়েছে।
