২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদিকে ‘ধর্মগুরু’ লিখে বিপাকে ওয়াশিংটন পোস্ট

বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী এবং দুর্ধর্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু সংবাদের শিরোনামে তাকে ‘ধর্মগুরু’ লিখে ব্যাপক সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়েছে মার্কিন পত্রিকা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 07:41 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

যদিও পত্রিকাটি প্রথমে শিরোনাম দিয়েছিল ‘শীর্ষ সন্ত্রাসী’র (টেরোরিস্ট-ইন-চিফ) মৃত্যু। পরে সেটি পাল্টে লেখা হয়, ‘উগ্র ধর্মগুরু’। আর এতেই বিপাকে পড়ে পত্রিকাটি। স্যোশাল মিডিয়ায় এ শিরোনাম নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ। চলতে থাকে ক্ষোভ প্রকাশ, কটাক্ষ।

এরকম কুখ্যাত একজন জঙ্গিকে কীভাবে ‘ধর্মগুরু’ লেখা হল তা নিয়ে প্রশ্ন ওঠে। এ শব্দ ব্যবহারে কার্যত বাগদাদির কুখ্যাত রূপ ঢাকা পড়েছে বলে মত প্রকাশ করেন অনেকেই। অনেকে আবার ‘বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী’ নিহত- এমন শিরোনাম দেওয়ারও প্রস্তাব করেন পত্রিকাটিকে।

কেউ কেউ হিটলারের মতো বিশ্বের আরো অনেক কুখ্যাত ব্যক্তির গুনকীর্তণমূলক মৃত্যুসংবাদ দিয়ে ব্যঙ্গ করেন। ওয়াশিংটন পোস্টের শিরোনামের মতো হলে ওসামা বিন লাদেন কিংবা অন্যান্য কুখ্যাত ব্যক্তিদের মৃত্যুসংবাদ কেমন হতে পারত তা নিয়ে চলতে থাকে রসিকতা।

বিবিসি জানায়, এ পরিস্থিতির মুখেই পরে তড়িঘড়ি ‘উগ্র ধর্মগুরু’ লেখা শিরোনাম ফের পাল্টে ‘চরমপন্থি নেতা’ করে দেয় ‘ওয়াশিংটন পোস্ট’ কর্তৃপক্ষ।

পত্রিকাটির যোগাযোগ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্রিস কোরাত্তি কেলি বলেন, বাগদাদির মৃত্যু সংবাদ নিয়ে “আমাদের শিরোনামটি ওরকম হওয়া উচিত ছিল না। আমরা দ্রুত তা পাল্টে দিয়েছি।” তাড়াহুড়োয় শিরোনাম বদলাতে গিয়ে এমনটি হয়েছিল বলে জানান তিনি।

শিরোনামটিতে লেখা হয়েছিল, “আবু বকর আল বাগদাদি, ইসলামিক স্টেটের ধারক উগ্র ধর্মীয়-পন্ডিত, মারা গেলেন ৪৮ বছরে।” শেষ পর্যন্ত সেটিকে সংশোধন করে লেখা হয়, “আবু বকর আল বাগদাদি, ইসলামিক স্টেটের চরমপন্থি নেতা, মারা গেলেন ৪৮ বছরে।”

বাগদাদি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে রোববার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কুকুরের তাড়ায় বোমা ফাটিয়ে বাগদাদির মৃত্যু হয়েছে বলে ট্রাম্প জানানোর পরই অনলাইন সংবাদ মাধ্যমগুলো বাগদাদির মৃত্যুসংবাদ প্রচার করতে শুরু করে।