জাপানে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যা, ২ জনের মৃত্যু
জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে অতিরিক্ত বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত দুই জন মারা গেছেন।
এ পরিস্থিতিতে বুধবার কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে প্রায় আট লাখ ৫০ হাজার লোককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দ্বীপটির সাগা প্রিফেকচারে কিছু এলাকায় এক ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, এখানে গাড়িসহ ভেসে যাওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ফুকোওকা প্রিফেকচারে আরেক ব্যক্তি তার গাড়ি থেকে বের হওয়ার পর পানির তোড়ে ভেসে গিয়ে মারা গেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সাগায় এক নারীসহ একটি গাড়ি পানিতে পড়ে যাওয়ার পর ওই নারীকে উদ্ধার করা হলেও তার জ্ঞান ফেরেনি বলে বলে জানিয়েছে এনএইচকে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সড়ক ও রেলস্টেশন পানিতে ডুবে আছে আর লোকজন ডুবে যাওয়া সড়ক ধরে হাঁটু সমান পানি ভেঙে এগিয়ে যাচ্ছে। কয়েকটি নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশ করেছে।
জাপানের সামরিক বাহিনী জানিয়েছে, সাগা প্রিফেকচারের অনুরোধে সেখানে দুর্যোগ মোকাবেলায় প্রায় ১০০ সৈন্য মোতায়েন করেছে তারা।
অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যায় গণপরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ও স্থানীয় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
টয়োটা মোটর কর্পোরেশন জানিয়েছে, কিউশুতে তাদের লেক্সাস গাড়ি তৈরির কারখানার কাজ বুধবার সন্ধ্যা থেকে বন্ধ রাখা হবে।
ডাইহাৎসু মোটরও ওই এলাকায় তাদের কারখানাগুলোর কাজ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে।
কয়েক দশকের মধ্যে একবার মাত্র দেখা যায় এমন প্রবল বৃষ্টিপাতের পর জাপানের আবহাওয়া সংস্থা কিউশুর উত্তরাঞ্চলের বড় একটি অংশের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে।
