আফগানিস্তানে তালেবানের গাড়িবোমা হামলায় নিহত ১২
আফগানিস্তানে কান্দাহার নগরীর পুলিশ সদরদপ্তরের বাইরের গেটে তালেবান যোদ্ধাদের ২ টি গাড়িবোমা হামলায় ১২ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
পুলিশ, চিকিৎসাকর্মী এবং তালেবান বৃহস্পতিবার একথা জানিয়েছে। নগরীর পুলিশ প্রধান তাদিন খান জানান, বিস্ফোরণের পর বন্দুকধারী জঙ্গিরা কাছাকাছি একটি অবস্থান থেকে গুলি ছুড়তে শুরু করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।
হামলাকারীরা পুলিশ বাহিনীর মাদক-বিরোধী শাখাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানান তিনি। পুলিশ হামলাস্থলটি ঘিরে রেখেছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বহির আহমাদি মৃতের সংখ্যা জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে পুলিশ এবং বেসমরিক নাগরিকও আছে।
কান্দাহারের প্রাদেশিক হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসক জানান, হাসপাতালে ৮৩ জন আহতকে আনা হয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
