২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের স্বাধীনতা সম্মেলনে নিষিদ্ধ রাশিয়ার আরটি ও স্পুটনিক

‘সক্রিয়ভাবে ভুয়া তথ্য ছড়ানোর’ অভিযোগে লন্ডনে অনুষ্ঠেয় সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সম্মেলনে রাশিয়ার টিভি নেটওয়ার্ক ‘আরটি’ ও ‘স্পুটনিক’ বার্তা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2019, 08:53 PM

Updated : 08 Apr 2022, 04:25 PM

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয় আয়োজিত এ  সম্মেলন শুরু হচ্ছে এ সপ্তাহেই। বিভিন্ন দেশের প্রায় ৬০ জন মন্ত্রী, এক হাজারের বেশি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানিয়েছে বিবিসি।

তবে এ সম্মেলনে আরটি ও স্পুটনিক উভয় সংবাদ মাধ্যমের অংশগ্রহণের আবেদনই বাতিল করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয়। এ সিদ্ধান্ত নিয়ে ‘সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণেদিতভাবে  বৈষম্য’ করা হয়েছে বলে এর সমালোচনা করেছে লন্ডনের রুশ দূতাবাস।

অন্যদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আরটি ও স্পুটনিক যেভাবে ভুয়া তথ্য ছড়াতে সক্রিয় ভূমিকা পালন করে তাতে আমরা তাদেরকে সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি দিতে পারি না।

“যদিও সম্মেলনে অংশ নেওয়ার যত আবেদন এসেছে তাদের সবাইকে অনুমতি দেওয়া সম্ভবও না। সারা বিশ্ব থেকে সাংবাদিকরা এ সম্মেলনে অংশ নিতে আসছেন, যাদের মধ্যে রুশ সাংবাদিকরাও আছেন।” 

সম্মেলনে যোগ দেওয়ার অনুমতি না পেয়ে আরটি’র পক্ষ থেকে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, “সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ওকালতি করছে, অথচ নিজেরাই বিপক্ষ মত এবং বিকল্প সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করছে। এও এক ধরনের ভণ্ডামি।”

স্পুটনিকের পক্ষ থেকে বলা হয়, “আমরা কি নিয়ে কাজ করতে চাই সেটি আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট করেই বলা আছে। ভুয়া তথ্য ছড়ানো কোনভাবেই সেগুলোর একটি নয়।”

‘রাশিয়া টুডে’ কে সংক্ষেপে আরটি বলা হয়। রুশ সরকার সমর্থিত সংবাদমাধ্যমটিতে গত কয়েক বছরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের খবর প্রকাশ অনেক বেড়ে গেছে।

আরটি কর্তৃপক্ষ উভয় দেশেই নিজেদের বিকল্পধারার আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।