২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের বড় ধরনের অর্ডার খোয়াল বোয়িং

সৌদি আরবের স্বল্প-বাজেটের এয়ারলাইন ‘ফ্লাইএডিল’ বোয়িংয়ের কাছ থেকে ৩০টি  ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ কেনার চুক্তি বাতিল করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2019, 09:50 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

মাত্র পাঁচ মাসের মধ্যে দুইটি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে ৩৪৬ আরোহী নিহত হওয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের উপর বেশ গুরুতরভাবেই পড়েছে।

প্রথমে গত বছর অক্টোবরে ইন্দোনেশিয়ায় এবং গত মার্চে ইথিওপিয়ায় ওই দুর্ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো আর আকাশে উড্ডয়ন করেনি।

কবে নাগাদ উড়োজাহজগুলোকে আবারও যাত্রী বহনের অনুমিত দেওয়া হবে তাও এখনো ঘোষণা হয়নি।

বোয়িং তাদের নতুন মডেলের উড়োজাহাজগুলোর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সফ্টওয়্যারের উন্নতি সাধন করে সংকট সমাধানের চেষ্টা করছে।

বোয়িংয়ের পক্ষ থেকে বলা হয়, ফ্লাইএডিল তাদের প্রাথমিক ক্রয় চুক্তি নিয়ে আর সামনে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই চুক্তিতে ৩০টি বোয়িং ৩৭৩ ম্যাক্স উড়োজাহাজ কেনার এবং ভবিষ্যতে একই মডেলের আরো ২০টি উড়োজাহাজ কেনা হতে পারে বলা হয়েছিল।

পরবর্তী ২০টি উড়োজাহাজের মূল্য প্রায় ৬০ হাজার কোটি মার্কিন ডলার হলেও দুর্ঘটনার পর বোয়িং তাদের উড়োজাহাজের দাম কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতেও ফ্লাইএডিলের সঙ্গে তারা চুক্তি বাঁচাতে পারল না।

সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের নিয়ন্ত্রণ করে ফ্লাইএডিল। দুই দুর্ঘটনায় নিহত কয়েকজনের পরিবারের সদস্যরা বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছে।

ওদিকে, গত সপ্তাহে বোয়িং কর্তৃপক্ষ দুই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়। যদিও নিহতদের পরিবার ওই ক্ষতিপূরণ গ্রহণ করবে না বলে জানিয়েছে।