জার্মানিতে শরণার্থী সমর্থক রাজনীতিবিদদের হত্যার হুমকি
জার্মানিতে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির আঞ্চলিক নেতা ভাল্টার ল্যুবকে খুনের কয়েকসপ্তাহের মধ্যেই হত্যার হুমকি পেয়েছেন অন্তত আরো দুইজন শরণার্থী সমর্থক মেয়র।
চিঠির মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ।
এর আগে ২ জুনে কাসেলে শহরের আঞ্চলিক সরকারের শরণার্থী সমর্থক প্রেসিডেন্ট ল্যুবকে-কে উগ্র-ডানপন্থিরা তার বাড়ির পেছনে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
সে ঘটনার রেশ না কাটতেই পুলিশ জানাল, কোলনের মেয়র হেনরিয়েটে রেকার হত্যার হুমকি পেয়েছেন৷ হেনরিয়েটে ছাড়া হত্যার হুমকি পাওয়া অপর রাজনীতিবিদ হচ্ছেন, পশ্চিমের শহর আল্টেনার মেয়র আন্ড্রিয়াস হলস্টেইন।
২০১৭ সালে একটি দোকানে অভিবাসন-বিরোধী এক ব্যক্তির হামলায় আহত হয়েছিলেন হলস্টেইন৷ তার মতো মেয়র হেনরিয়েটে রেকারও ২০১৫ সালে ভোটের প্রচারের সময় এক হামলার গুরুতর আহত হয়েছিলেন।
ডানপন্থি এক উগ্রবাদী রেকারের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল৷ শরণার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে টার্গেট করার কথা জানিয়েছিল হামলাকারী৷
মেয়রদেরকে হুমকি দেওয়ার পেছনেও উগ্র-ডানপন্থিদের কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের৷ তবে খুন এবং হত্যার হুমকি- দু’টি ঘটনা একসূত্রে গাঁথা কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি৷
জুনের শুরুতে খুন হওয়া রাজনীতিবিদ ভাল্টার ল্যুবকে শরণার্থী ইস্যুতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নীতির পক্ষে ছিলেন৷ এ হত্যাকাণ্ডের পর থেকে উগ্র-ডানপন্থী এএফডি দলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছে অন্য রাজনৈতিক দলগুলো৷
