৫জি’তে হুয়াওয়ে নিষেধাজ্ঞায় যুক্তরাজ্যকে চীনা রাষ্ট্রদূতের হুঁশিয়ারি
৫জি নেটওয়ার্ক থেকে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়েকে বাদ দেওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যকে সতর্ক করেছেন দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
যুক্তরাজ্যের এমন পদক্ষেপ চীনের ব্যবসায়ীদের জন্য একটি খারাপ সংকেতই বহন করবে বলে বিবিসি নিউজনাইট প্রোগামে জানান লিউ জিয়াওমিং।
তিনি বলেন, ব্রিটেনে চীনের ব্যবসায়িক বিনিয়োগের যে পরিকল্পনা আছে তা ৫ জি নেটওয়ার্কে হুয়াওয়ের পন্য ব্যবহার নিষিদ্ধ হলে ব্যাহত হতে পারে।
যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা ইস্যুতে হুয়াওয়ে হুমকিস্বরূপ এমন কারণ দেখিয়ে কোম্পানিটিকে বয়কট করছে। হুযাওয়ের নিরাপত্তার বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের মোবাইল কোম্পানিগুলো সরকারের কাছে স্পষ্ট করে জানতে চাইছে।
এ দাবির মুখে যুক্তরাজ্যে ৫জি নেটওয়ার্কে হুয়াওয়েকে নিষিদ্ধ করার পরিকল্পনার মধ্যে চীনা রাষ্ট্রদূত দেশটিকে সতর্ক করলেন। চীনা রাষ্ট্রদূত লিউ হুয়াওয়েকে ভাল কোম্পানি বলে এর পক্ষে সাফাই দিয়েছেন। যুক্তরাজ্যের অর্থনীতিতেও এ কোম্পানি অবদান রাখবে বলে যুক্তি দেখিয়েছেন তিনি।
তিনি বলেন, যুক্তরাজ্য হুয়াওয়ের সঙ্গে কাজ করলে তা দুপক্ষের ভবিষ্যতের জন্যই ভাল হবে। অন্যথায়, তা কেবল বাণিজ্য নয় বরং বিনিয়োগের ক্ষেত্রেও খারাপ সংকেত বহন করবে।
