২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক অস্ত্রের অভিপ্রায় নেই: আবেকে আয়াতুল্লাহ

ইরানের পারাণবিক অস্ত্র তৈরি কিংবা ব্যবহারের কোনো অভিপ্রায় নেই। ইরান সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে একথা বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2019, 08:05 PM

Updated : 08 Apr 2022, 04:18 PM

বৃহস্পতিবার আয়াতুল্লাহ একথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের টান টান উত্তেজনাকর সম্পর্ক চলার মাঝে আয়াতুল্লাহ একথা বললেন।

খামেনির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের আবে বলেন, “সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেছেন, তার দেশের পারমাণবিক অস্ত্র বানানো কিংবা ব্যবহার করা উচিত না। তাদের এমন কোনো অভিপ্রায়ও নেই।”

“আজ আমি সর্বোচ্চ নেতা খামেনির সঙেগ দেখা করে শান্তিতে তার বিশ্বাসের কথা শুনেছি। আমি এটাকে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য খুবই বড় ধরনের অগ্রগতি হিসাবেই দেখছি।”

আবের এ মন্তব্য জাপানের সরকারি এনএইচকে সরকারি সম্প্রচারমাধ্যমে প্রচার করা হয়েছে।

এর আগে বুধবার আবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করে তাকে সতর্ক করেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের জেরে মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত সংঘাত ঘটতে পারে বলে তিনি সতর্ক করেন।

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনেই আবে ইরান সফর করছেন। ইরানের সঙেগ ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুবাদে জাপান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসাবে দুই দেশের সংকটে মধ্যস্থতা করার জন্য একটি মোক্ষম অবস্থানে আছে।