বহিঃসমর্পণ বিলের বিরুদ্ধে প্রতিবাদ হংকংয়ের গণতন্ত্রপন্থিদের
তাইওয়ান, ম্যাকাউ ও চীনের মূল ভূখণ্ডে বহিঃসমর্পণের সুযোগ রেখে আনা একটি আইনের সংশোধনী বিলের প্রতিবাদে হাজার হাজার মানুষ হংকংয়ের বিভিন্ন সড়কজুড়ে বিক্ষোভ দেখিয়েছে।
বিতর্কিত ওই বিলে হংকংয়ের আদালত অন্য কোথাও ফৌজদারি অপরাধে অভিযুক্ত বাসিন্দাদের বহিঃসমর্পণে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার রাখবে।
আইনে পরিণত হলে একে কাজে লাগিয়ে চীন হংকংয়ের রাজনৈতিক বিরোধীদের বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা সমালোচকদের।
রোববার প্রচণ্ড গরমের মধ্যে সাদা পোশাক পরিহিত বিক্ষোভকারীরার হংকংয়ের প্রধান প্রধান সড়ক দখলে নিয়ে প্রতিবাদ দেখায় বলে বিবিসি জানিয়েছে।
ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থীদের পাশাপাশি গণতন্ত্রপন্থি হিসেবে পরিচিত ব্যক্তি এবং ধর্মীয় গোষ্ঠীগুলোকে এদিনের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।
২০১৪ সালের ‘আমব্রেলা মুভমেন্টের’ পর এবারের বিক্ষোভই সবচেয়ে বড় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিলটির সমর্থকরা বলছেন, বহিঃসমর্পণের বিধান পাশ হলে তাতে কেবল হত্যা ও ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্তরাই আটকা পড়বেন; রাজনৈতিক কিংবা ধর্মীয় কারণে অভিযুক্তরা নন।
ছুটিতে তাইওয়ান গিয়ে গর্ভবতী বান্ধবীকে খুন করে বাড়ি ফিরে আসা এক বাসিন্দাকে তাইপের কাছে হস্তান্তরের লক্ষ্যে হংকংয়ের চীনপন্থি শাসকরা এ সংশোধনী বিল প্রস্তাব করেন।
হংকংয়ের নেতা ক্যারি লাম জুলাইয়ের মধ্যেই বিলটি পাস করতে চাইছেন বলে জানিয়েছে বিবিসি।
হংকং ১৯৯৭ সাল থেকে চীনের অধীনে আসে। সাবেক এ ব্রিটিশ কলোনির জন্যই চীনকে ‘এক দেশ দুই ব্যবস্থা’ চালাতে হচ্ছে। আধা-স্বায়ত্তশাসিত হংকংয়ের শাসনপদ্ধতি চীনের মূল ভূখণ্ডের শাসনপদ্ধতির চেয়ে আলাদা।
গত দুই দশক ধরে চীন ধারাবাহিকভাবে এ ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ হংকংয়ের গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলোর। এ নিয়ে বেশ কয়েকদফা আন্দোলনও করেছে তারা।
“এটা হংকংয়ের জন্য জীবন মরণ প্রশ্ন। এটা একটা শয়তানি আইন,” রয়টার্সকে এমনটাই বলেছেন বিক্ষোভে অংশ নেওয়া হংকংয়ের ৫৯ বছর বয়সী অধ্যাপক রকি চ্যাঙ।
শহরটির চীনপন্থি শাসকরা বিরোধীদের আশঙ্কাকে ‘অমূলক’ বলে উড়িয়ে দিয়েছেন। ফৌজদারি অপরাধে অভিযুক্তদেরও হরেদরে বহিঃসমর্পণ করা হবে না, প্রতিটি ঘটনা ধরে ধরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তারা।
