২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোলানে রকেট হামলার জবাবে সিরিয়ায় ইসরায়েলের হামলা

ইসরায়েল অধিকৃত গোলানে রকেট হামলার জবাবে সিরিয়ায় সামরিক বাহিনীর লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 01:57 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

রোববারের ওই ইসরায়েলি হামলায় তিন সৈন্য নিহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়ার টেলিভিশনের প্রতিবেদনে ভোরে দামেস্কের কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটার কথা বলা হয়েছে আর দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী ‘শত্রুদের মোকাবিলা করেছে’ বলে দাবি করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে দুটি রকেট নিক্ষেপের জবাবে তারা সিরিয়ার আর্টিলারি ও বিমান প্রতিরক্ষা ব্যাটারিগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, রকেটগুলো কারা ছুড়েছে তা এখনও পরিষ্কার না হলেও সিরীয় ভূখণ্ড থেকে চালানো যে কোনো হামলার জন্য তারা সিরিয়ার সেনাবাহিনীকে দায়ী বলে গণ্য করে।   

এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “আমাদের ভূখণ্ডে কোনো গোলাবর্ষণ সহ্য করবো না আমরা এবং প্রবল শক্তিতে আমাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিবো।” 

এর আগে গত সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের একটি যুদ্ধবিমানের দিকে গোলা ছোড়ায় তারা সিরিয়ার বিমান বিধ্বংসী অবস্থানে হামলা চালিয়েছে।

ওই হামলায় এক সৈন্য নিহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল।

১৯৬৭ সালের আবর-ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নিয়েছিল ইসরায়েল। পরে দখলকৃত ভূখণ্ডটিকে নিজেদের সীমানাভুক্ত করে নেওয়ার ঘোষণা দিলেও একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ ইসরায়েলের এ পদক্ষেপের স্বীকৃতি দেয়নি।