২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বিপর্যয়কর হয়ে উঠতে পারে: চীনা প্রতিরক্ষমন্ত্রী

স্বশাসিত তাইওয়ানকে সমর্থন দেওয়ার জন্য ও বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর জাহাজ পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও দেশটির সঙ্গে চীনের সংঘাত বা যুদ্ধ বিপর্যয়কর হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 12:32 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

রোববার সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন শাংগ্রি-লা ডায়লগে প্রতিরক্ষমন্ত্রী ওয়েই ফেন এ মন্তব্য করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীন থেকে তাইওয়ানকে কেউ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে চীন ‘শেষ পর্যন্ত লড়াই করবে’ বলে জানিয়েছেন তিনি।

স্বশাসিত তাইওয়ানকে চীনের ভূখণ্ডের অন্তর্ভূক্ত বলে মনে করে বেইজিং। প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে ভূখণ্ডটিকে নিজেদের অধিকারে নিয়ে আসার কথাও বলেছে তারা।

“চীনকে খণ্ডিত করার কোনো উদ্যোগ সফল হবে না। তাইওয়ান প্রশ্নে যে কোনো হস্তক্ষেপ ব্যর্থতায় পর্যবসিত হবে,” বলেছেন ওয়েই। 

তিক্ত বাণিজ্য যুদ্ধ, তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক শক্তির উপস্থিতি ও সেখানে জাহাজ চলাচলের স্বাধীনতার দাবিতে মার্কিন নৌবাহিনীর টহল, এসব নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমাগত নাজুক হয়ে পড়ছে।   

শনিবার সিঙ্গাপুরের ওই বৈঠকে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেছেন, এশিয়ায় চীনের আচরণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রর আর ‘আঙ্গুলে ভর দিয়ে চলবে’ না।

এর জবাবে ওয়েই পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছেন, “এই অঞ্চলের বাইরে থেকে আসা কিছু দেশ জাহাজ চলাচলের স্বাধীনতার কথা বলে দক্ষিণ চীন সাগরে এসে শক্তি প্রদর্শন করে।”

বাণিজ্য ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র লড়াই করতে চাইলে চীন ‘শেষ পর্যন্ত লড়াই করবে’ কিন্তু ওয়াশিংটন কথা বলতে চাইলে ‘আমরা দরজা খোলা রাখবো’ বলেও মন্তব্য করেছেন ওয়েই।